বগুড়ার সারিয়াকান্দিতে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা দায়ের, গ্রেফতার ১

বগুড়ার সারিয়াকান্দিতে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা দায়ের, গ্রেফতার ১

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দিতে ছুরিকাঘাতে নিহত মুস্তাকিম হত্যার ঘটনায় নিহতের বড়ভাই বাদি হয়ে ৩ জনকে আসামি করে গতকাল শুক্রবার রাতে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় মামলার একজন আসামিকে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানার পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার উপজেলার নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মুস্তাকিমকে ছুরিকাঘাত করে একই উপজেলার নিজামউদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহাদাত হোসেন।

পরে গুরুতর আহত মুস্তাকিমকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে নিহতের বড় ভাই চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী উত্তর পাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে রাজীব হোসেন (৩১) বাদি হয়ে ৩ জনকে আসামি করে গতকাল শুক্রবার রাতে সারিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলো ঘুঘুমারী দক্ষিণ পাড়া গ্রামের শাহা আলীর ছেলে শাহাদত হোসেন (১৯), একই গ্রামের মৃত পামোছার ছেলে শাহা আলী (৫৫) এবং সিফার উদ্দিনের ছেলে লিখন মন্ডল (৩২)। সারিয়াকান্দি থানার সূত্রে জানা গেছে, হত্যা মামলার ৩ নং আসামি লিখন মন্ডলকে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, হত্যা মামলার সকল আসামিদের গ্রেফতার করতে আমাদের পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসা শেষে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। খুব দ্রুত মামলার অপর আসামিদের ধরতে সক্ষম হবো।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170073