প্রকাশ পেলো ড. অণিমা রায়ের ‘পঞ্চগীতিকবির গানে স্বদেশ চেতনা’

প্রকাশ পেলো ড. অণিমা রায়ের ‘পঞ্চগীতিকবির গানে স্বদেশ চেতনা’

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের নন্দিত রবীন্দ্র সঙ্গীতশিল্পী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ড. অণিমা রায়ের লেখা প্রথম গ্রন্থ ‘পঞ্চগীতিকবির গানে স্বদেশ চেতনা’ গত ২১ মে বাংলা একাডেমী থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো।

গত ২১ মে রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রহমান মিলনায়তনে এক প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যে আয়োজনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড. ইসরাফিল শাহীন, সরকারী সঙ্গীত কলেজের বিভাগীয় প্রধান ড. কমল খালিদ’সহ আরো বেশ কিছু সম্মানীত আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মূলত চলতি বছরের এপ্রিল মাসে প্রকাশিত হয়েছে অণিমা রায়ের গবেষণাগ্রন্থ ‘পঞ্চগীতিকবির গানে স্বদেশচেতনা’। এটি বাংলা স্বদেশি ও দেশাত্মবোধক গানের ইতিহাস, প্রভাব এবং জাতীয় চেতনায় গীতিকবিদের অবদান নিয়ে লেখা একটি গবেষণাধর্মী বই। স্বদেশি আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন এবং অতুলপ্রসাদ সেনের স্বদেশি সংগীত বাংলা গানের ভান্ডারকে সমৃদ্ধতর করেছে। অসহযোগ আন্দোলনপর্বে কাজী নজরুল ইসলামের স্বদেশি গান যুক্ত করেছে নতুন মাত্রা। স্বদেশচেতনার গান ব্রিটিশবিরোধী আন্দোলন এবং পরবর্তীকালের লড়াই-সংগ্রামে অপরিসীম ভূমিকা পালন করেছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন,‘ বইটি আমি এই অনুষ্ঠানে আসার আগেই পেয়েছি। তখনই বইটি পড়ার চেষ্টা করেছি। যদিও আমি বইটির গভীরে প্রবেশ করতে পারিনি। তবে আমার প্রবল ইচ্ছে এই বইটি আমি অবসর সময়ে মন দিয়ে পড়বো। আর ড. অণিমা রায় একজন গায়িকাই শুধু নন তিনি একজন লেখিকাও বটে এবং লেখার জন্য যে ধরনের ইতিহাস জ্ঞান থাকা দরকার নিশ্চয়ই তাঁর আছে এবং ইতিহাসের সেই জ্ঞানকে সাহিত্যের মধ্যে প্রতিফলন করার জন্য যে জ্ঞান থাকা দরকার তাও তার আছে। অণিমা রায়ের সঙ্গে আমার যে পরিচয় তা দীর্ঘদিন লালন করতে চাই।’

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন,‘ নানান কারণে বইটির বিশেষত্ব একটু ভিন্নরকম। এই বইয়ের সাথে স্বদেশী আন্দোলনের বিষয় আছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিষয় আছে, ৭১-এবং ২৪-এর নিবিড় সম্পর্ক আছে অর্থাৎ মুক্তির যে সংগ্রাম সেই সংগ্রামের যে আকাঙ্খা সেই আকাঙ্খার কিন্তু একটা সম্পর্ক আছে। তাই এই বইটি নিয়ে দীর্ঘ একটা আলোচনায় হওয়া দরকার। আমাদের দেশে অণিমা রাই প্রথম পঞ্চগীতিকবিকে নিয়ে এই ধরনের বই লিখেছে। অণিমা রায় সত্যিই দারুন এক কাজ করেছেন।’

অণিমা রায় বলেন,‘ ২০০৮ সাল থেকে আজ ২০২৬ পর্যন্ত আমি সাংবাদিকদের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি তা ভাষায় প্রকাশের নয়। আমি কৃতজ্ঞ সাংবাদিকদের প্রতি। কৃতজ্ঞ আমার বাবা মা’র প্রতি এবং বাবা মা’র পরে বউ দি’র (স্বর্গীয় ড. মৃদুল কান্তি চক্রবর্ত্তীর স্ত্রী) প্রতি। কৃতজ্ঞ সবার প্রতি যারা আমার এই আয়োজনে এসেছেন। আমার জন্য সবাই প্রার্থনা করবেন।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170061