দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী নিহত

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী নিহত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাহাডুবি গাইনপাড়া গ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মুরসালিনা ইসলাম(১২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ধনগাঁও গ্রামের হাপিকুল ইসলামের মেয়ে হুমাইরা আক্তার হিয়া (১০)।

আজ শনিবার (২৩ মে) দুপুরে দেউলী মুন্সিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মুরসালিনা উপজেলার শিবরামপুর ইউনিয়নের সাহডুবি গ্রামের মো. মমিনুর ইসলামের মেয়ে। তারা দেউলী মুন্সীপাড়া নুরানি মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, দুপুরে মাদ্রাসা ছুটি হলে মুরসালিনা ইসলাম ও হুমাইরা দু'জনে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টর তাদের ধাক্কা দিলে মুরসালিনা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও জেলা সদর হাসপাতালে নেওয়ার আগেই শিশুটি মারা যায়।

বীরগঞ্জ থানার এসআই সুমন দেবনাথ জানান, স্থানীয়রা ট্রাক্টরটি আটক করেছে তবে চালক পালিয়ে গেছে। আমরা ট্রাক্টর উদ্ধার করেছি। বীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170060