স্বামীর কাছে যেতে ভারতে বিএসএফের হাতে শিশুসহ নারী আটক
পঞ্চগড় প্রতিনিধি: ভারতের এক নাগরিকের সাথে ইমুতে পরিচয় হয় বাংলাদেশি নাগরিক বৃষ্টি খাতুন (২৫) নামের এক নারীর। পরে প্রেম থেকে মোবাইল ফোনে বিয়ে হয় তাদের। সেই স্বামীর কাছে যেতে শিশু সন্তানকে সাথে নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন শিশুসহ ওই নারী।
পরে পতাকা বৈঠকের মাধ্যমে শিশুসহ ওই নারীকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় বিজিবি পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছে। আটক ওই নারী মাদারীপুর জেলার শিবচর উপজেলার দওপাড়া এলাকার কহিনুর মুন্সির মেয়ে। তার সাথে ছিল সাবেক স্বামীর তিন বছর বয়সী শিশু কন্যা আয়েশা খাতুন।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন বৃষ্টি খাতুন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শিশুসহ তাকে আটক করে। পরে বিষয়টি বিজিবিকে জানানো হলে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পরিচয় যাচাই শেষে বিএসএফ আটক নারী ও শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে রাতেই বিজিবির মাধুপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটক সেই নারী জানান, ভারতের মুর্শিদাবাদের এক ছেলের সঙ্গে ইমুতে পরিচয় হয়। এর পর প্রেম। পরবর্তীতে মোবাইল ফোনে তার সাথে আমার বিয়ে হয়। দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলাম। তবে আটক হই আমি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ওই নারীর ভাষ্যমতে ভারতে মাইদুল শেখ নামে এক স্বামী আছে। জানা গেছে, তিনি তার কাছেই যাচ্ছিলেন। পরে বিএসএফ তাদের আটক করলে তারা বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাদের শুক্রবার রাতেই আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় বিজিবি পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170054