লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার

লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সরাসরি চুক্তিতে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। দুই বাংলাদেশিকেই দলে ভিড়িয়েছে জাফনা কিংস। জাফনায় নতুন সঙ্গী পাবেন নাকি জাতীয় দলের সতীর্থকে টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বী হিসেবে পাবেন সেটা জানা যাবে আগামী ১ জুন। এই দিন এলপিএল-২০২৬ এর ড্রাফট হবে। তবে তার আগে খসড়া তালিকা প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সেই তালিকায় বাংলাদেশ থেকে ৪৮ জন নাম নিবন্ধন করেছেন।

আজ এক বিবৃতিতে এসএলসি লিখেছে, ‘লঙ্কা প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে ৬৫০ জনের বেশি বিদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছে। আইসিসির পূর্ণ সদস্যের বাইরে কয়েকটি সহযোগী সদস্যের ক্রিকেটারও টুর্নামেন্টে নাম দিয়েছে।’

ষষ্ঠ আসরে সবচেয়ে বেশি নাম নিবন্ধন করেছে পাকিস্তানের ক্রিকেটাররা। দলটির ১০২ জন ক্রিকেটার নাম দিয়েছে।এরপরেই আছে ওয়েস্ট ইন্ডিজের ৭৫ জন ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা থেকে ৬৬ জন ক্রিকেটার নাম দিয়েছে। নিউজিল্যান্ড থেকে আছে ৪১ জন। অস্ট্রেলিয়ার ২৪ ক্রিকেটারের বিপরীতে ইংল্যান্ডের ১৫ জন। বাদ যাননি ভারতের ক্রিকেটাররাও, ১২ জনের নাম রয়েছে।

সবমিলিয়ে ২১ দেশ থেকে ৩১০ জনের বিদেশি খেলোয়াড়ের তালিকা করবে এলপিএল কর্তৃপক্ষ। গত বছরের ডিসেম্বরে এই আসরটি হওয়ার কথা ছিল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে টুর্নামেন্ট পিছিয়ে দিতে বাধ্য হয় এসএলসি। ডাবল রাউন্ড-রবিন ভিত্তিক ৫ দলের সেই টুর্নামেন্ট আগামী ১৭ জুলাই শুরু হওয়ার কথা রয়েছে। ফাইনাল হবে ৮ আগস্ট। উদ্বোধনী দিনে মাঠে নামার কথা রয়েছে দুই ফাইনালিস্টের। গেলবার গল মার্ভেলসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাকিব-তাসকিনদের জাফনা। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170047