বগুড়ায় ভাতিজা হত্যা মামলায় চাচার জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : বগুড়ার সোনাতলার লোহাগাড়া দক্ষিণপাড়ায় মারপিটসহ ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজা সহিদ (১৬) হত্যা মামলায় গ্রেফতারকৃত হাজতি আসামি চাচা শহিদুল ইসলামের জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। আসামি শহিদুল ইসলাম ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে। আজ শনিবার (২৩ মে) বগুড়ার সিনিয়র দায়রা জজ শাহজাহান কবির হাজতি ওই আসামির জামিন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, সোনাতলার লোহাগাড়া দক্ষিণপাড়ায় হাঁটার রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে ছায়ফুলের ইসলামের বাবা আব্দুস সামাদ ও তার ভাইদের সাথে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে আব্দুস সামাদ ও তার ছেলে আসামি শহিদুলল ইসলাম ও শরিফুল ইসলামসহ অপর আসামিরা বিগত ২০২৪ সালের ৬ আগস্ট সকাল ৭টার দিকে ছায়ফুল ইসলামের বাড়িতে প্রবেশ করে এবং মারপিট ধারালো অস্ত্রের আঘাতে ছায়ফুর ইসলামের ছেলে সহিদকে গুরুতর আহত করে পালিয়ে যায়।
আহত সহিদকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়েউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১২ আগস্ট সকাল ৮টায় সে মারা যায়। এ ব্যাপারে নিহত সহিদের মা বাদি হয়ে সোনাতলা থানায় নিহত সহিদের দাদা আব্দুস ছামাদ এবং চাচা শহিদুলল ইসলাম ও শরিফুল ইসলামসহ সাতজনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করে।
মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. সাইদুল আসলাম।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170037