হামজা-জামালদের নতুন কোচ ডুলি
খবরটা রটেছিল আগেই। বিরোধীতা করে কিছু ফুটবল সমর্থক বিক্ষোভও করেছেন। তবে তা পাত্তা পায়নি নিয়োগ দাতাদের কাছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হামজা-জামালদের ‘হেডমাস্টার’ হিসেবে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলের সাবে অধিনায়ক টমাস ডুলিকে বেছে নিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
শুক্রবার (২২ মে) সকালে বাফুফের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ খবর জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের হয়ে দুটি বিশ্বকাপ খেলেছেন টমাস ডুলি। একটিতে ছিলেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক। কাজ করেছেন কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানের সঙ্গে। দুই দফায় কাজ করেছেন ফিলিপিন্স জাতীয় দলে। সবশেষ ছিলেন গায়ানা জাতীয় দলে। সেখান থেকে এবার বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হলেন ৪৫ বছর ধরে ফুটবলে জড়িত থাকা ডুলি।
হাভিয়ের কাবরেরার উত্তরসূরী হলেন ৬৫ বছর বয়সী ডুলি। কাবরেরার মেয়াদ শেষে নতুন কোচের সন্ধানে ছিল বাংলাদেশ। এ নিয়ে কয়েক দিন বেশ টানাপোড়েন ছিল। নানা আলোচনার পর সান মারিনোর বিপক্ষে ম্যাচের সপ্তাহ দুয়েক আগে কোচের নিয়োগ চূড়ান্ত হলো।
বাংলাদেশ দলের ডাগআউট সামলানোর দায়িত্ব নিয়ে জার্মান বংশোদ্ভূত এ কোচ শুক্রবার সকালেই ঢাকায় পা রেখেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী রোববার থেকে বাংলাদেশ দলের ক্যাম্পে দেখা যাবে ডুলিকে।
জন্মসূত্রে জার্মান হলেও সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার টমাস ডুলির খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রের জার্সিতে। যুক্তরাষ্ট্রের হয়ে সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮১ ম্যাচ খেলেন এবং গোল ৭টি। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে স্বাগতিক দলের হয়ে চারটি ম্যাচেই খেলেন ডুলি। চার বছর পর ১৯৯৮ বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের অধিনায়ক হিসেবে সব ম্যাচ খেলেন।
ক্লাব ফুটবলেও তার প্রোফাইল বেশ ভারী। বায়ার লেভারকুসেন ও শালকের মতো জার্মান ক্লাবে খেলেছেন, যার মধ্যে শালকের হয়ে উয়েফা কাপও (বর্তমানে ইউরোপা লিগ) জেতেন ১৯৯৭ সালে। এ ছাড়া এফসি কাইজারস্লাউটার্নের হয়ে ১৯৯০–৯১ মৌসুমে জেতেন বুন্দেসলিগা শিরোপাও।
ফুটবলে অভিজ্ঞতা বাড়াতে ডুলি কাজ করেছেন ভিয়েতনামের ভি-লিগের ক্লাব ‘ভিয়েতেল’-এর স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও। ২০২২ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য আবারও ফিলিপাইনের ডাগআউটে ফেরেন তিনি। বাংলাদেশের দায়িত্ব নেয়ার আগে ডুলি গায়ানা জাতীয় দলের দায়িত্বে ছিলেন।
ডুলির অধীনে বাংলাদেশ দলের প্রথম মিশন শুরু হতে যাচ্ছে আগামী ৫ জুন। সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে উড়াল দেবে বাংলাদেশ দল।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170006