রংপুরের তারাগঞ্জে পশুরহাটে ক্রেতার উপস্থিতি কম

রংপুরের তারাগঞ্জে পশুরহাটে ক্রেতার উপস্থিতি কম

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ঈদুল আজহাকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী তারাগঞ্জ গরুর হাটে এবার ক্রেতাদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কম দেখা যাচ্ছে। হাটে প্রচুর কোরবানির গরু আমদানি থাকলেও কাক্সিক্ষত ক্রেতা না থাকায় হতাশ হয়ে বাড়ি ফিরছেন খামারি ও ব্যবসায়ীরা।

আজ শুক্রবার (২২ মে) দুপুরে তারাগঞ্জ হাটে গিয়ে দেখা যায়, তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে কোরবানির গরু-ছাগলের হাট বসেছে। দূর-দূরান্ত থেকে আসা গরু-ছাগলে মাঠ ভরে উঠেছে। তবে সেই তুলনায় ক্রেতাদের আনাগোনা একবারেই কম দেখা গেছে। বিক্রেতারা দীর্ঘ সময় অপেক্ষা করেও গরুর সঠিক দাম পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে উৎপাদন খরচের চেয়েও কম দাম বলছেন দু’একজন ক্রেতা। যা বিক্রেতারদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

হাটে আসা কয়েকজন খামারি জানান, গো-খাদ্যের দাম চড়া হওয়ায় গরু লালন-পালন করতে আগের চেয়ে অনেক বেশি খরচ হচ্ছে। তারা আশা করছিলেন হাটে ভালো দাম পাবেন, কিন্তু ক্রেতা না থাকায় তারা লোকসানের মুখে পড়ার আশঙ্কায় আছেন। অনেক গরু ব্যবসায়ী দূর থেকে ট্রাক ভাড়া করে গরু নিয়ে এলেও বিক্রি করতে না পেরে যাতায়াত খরচ নিয়েই বিপাকে পড়েছেন।

স্থানীয়দের মতে, অর্থনৈতিক সংকট বা অন্যান্য আনুষঙ্গিক কারণে ক্রেতারা হয়তো বাজার পর্যবেক্ষণ করছেন। তবে হাটের ইজরাদার ও সংশ্লিষ্টরা আশা করছেন আগামী হাটগুলোতে ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাবে এবং কোরবানির পশুরহাট জমে উঠেবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169924