হেলমেট পরলেই কি সত্যিই চুল পড়ে?

হেলমেট পরলেই কি সত্যিই চুল পড়ে?

রাস্তায় বাইক বা স্কুটার চালানোর সময় হেলমেট পরা শুধু বাধ্যতামূলক আইনই নয়, এটি জীবন রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা। দুর্ঘটনার সময় হেলমেট বহু প্রাণ বাঁচাতে সাহায্য করে। কিন্তু অনেকেই অভিযোগ করেন, প্রতিদিন হেলমেট ব্যবহারের কারণে তাদের চুল পড়ে যাচ্ছে বা টাক পড়ার সমস্যা বাড়ছে। এই ধারণা কতটা সত্য, চিকিৎসা বিজ্ঞান কী বলে সেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন।

প্রচলিত ভুল ধারণা
অনেকেই মনে করেন হেলমেট মাথার ত্বকে চাপ সৃষ্টি করে চুল পড়ার কারণ হয়। তবে বিশেষজ্ঞদের মতে, এটি একটি ভুল ধারণা। হেলমেট সরাসরি চুল পড়া বা টাক হওয়ার জন্য দায়ী নয়। চুল পড়ার প্রধান কারণ সাধারণত বংশগত বা অভ্যন্তরীণ শারীরিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত।

বিশ্বব্যাপী বিভিন্ন গবেষণা ও চিকিৎসা বিষয়ক তথ্য অনুযায়ী, পুরুষদের মধ্যে সবচেয়ে সাধারণ টাক পড়ার কারণ হলো ‘অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া’ বা পুরুষদের প্যাটার্ন টাক। এটি সম্পূর্ণরূপে জিনগত ও হরমোনজনিত একটি প্রক্রিয়া, যেখানে মাথার চুলের ফলিকল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, হেলমেট পরার কারণে চুলের ডিএনএ বা গোড়া কোনোভাবেই পরিবর্তিত হয় না। অর্থাৎ হেলমেট চুলের স্থায়ী ক্ষতি করে না। তবে ভুলভাবে হেলমেট ব্যবহার করলে সাময়িক কিছু সমস্যা তৈরি হতে পারে।

যেমন: হেলমেট যদি খুব টাইট হয় বা দীর্ঘসময় ধরে পরিষ্কার না করা হয়, তাহলে মাথার ত্বকে ঘাম জমে যেতে পারে। এতে খুশকি, চুলকানি এবং অস্বস্তি তৈরি হয়, যা পরোক্ষভাবে চুল দুর্বল হওয়ার কারণ হতে পারে।

নারীদের ক্ষেত্রে যেসব সমস্যা দেখা দিতে পারে
নারীদের ক্ষেত্রে অনেক সময় টাইট পনিটেল বা বাঁধা চুল নিয়ে হেলমেট পরলে চুলে ঘর্ষণ হয়। এতে চুল ভেঙে যেতে পারে বা গোড়ায় টান পড়ে। এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানে ‘ট্র্যাকশন অ্যালোপেসিয়া’ বলা হয়। এটি দীর্ঘদিন চলতে থাকলে সাময়িক চুল পাতলা হওয়ার সমস্যা দেখা দিতে পারে।

ঘাম ও অপরিচ্ছন্নতা থেকে ঝুঁকি
হেলমেট দীর্ঘ সময় পরে থাকলে মাথার ত্বকে ঘাম জমে যায়। যদি নিয়মিত পরিষ্কার না করা হয়, তাহলে সেখানে ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মাতে পারে। এর ফলে মাথার ত্বকে সংক্রমণ, খুশকি বৃদ্ধি এবং চুল পড়ার সমস্যা বাড়তে পারে।

বিশেষ করে গরম আবহাওয়ায় এই সমস্যা আরও বেশি দেখা যায়। তাই হেলমেট ব্যবহারের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জীবনযাপনের প্রভাব
অনেক গবেষণায় দেখা গেছে, অল্প বয়সে চুল পড়ার সঙ্গে জীবনযাত্রার বেশ ভূমিকা রয়েছে। অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত স্ট্রেস, ঘুমের ঘাটতি এবং কিছু ক্ষেত্রে এনার্জি ড্রিংক গ্রহণ চুলের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। তাই চুল পড়ার জন্য শুধু হেলমেটকে দায়ী করা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়।

যেভাবে হেলমেট ব্যবহার করলে চুল সুরক্ষিত থাকবে
চুল সুরক্ষিত রাখতে কিছু সহজ নিয়ম মেনে চলা যেতে পারে। প্রথমত, সঠিক সাইজের হেলমেট নির্বাচন করা জরুরি। খুব টাইট বা খুব ঢিলেঢালা হেলমেট উভয়ই সমস্যা তৈরি করতে পারে।

হেলমেট পরার আগে মাথায় একটি পরিষ্কার সুতির কাপড় বা স্কার্ফ ব্যবহার করলে ঘাম শোষিত হয় এবং ঘর্ষণ কমে যায়। এছাড়া নিয়মিত হেলমেটের ভেতরের অংশ পরিষ্কার করা উচিত, যাতে ধুলা ও ব্যাকটেরিয়া জমতে না পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভেজা চুলে কখনো হেলমেট না পরা। ভেজা চুল বেশি দুর্বল থাকে, তাই ঘর্ষণে সহজেই ভেঙে যেতে পারে।

হেলমেট চুল পড়ার সরাসরি কারণ নয়। বরং এটি একটি নিরাপত্তা সরঞ্জাম, যা জীবন রক্ষা করে। চুল পড়ার দূর করতে পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত।

 

সূত্র: ইন্ডিয়া টুডে, ডেইলি হান্ট, হেলথলাইন

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169899