প্রতিশ্রুতি বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় যাচ্ছি : এমপি খোকন

প্রতিশ্রুতি বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় যাচ্ছি : এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরাসরি জনগণের দোরগোড়ায় যাচ্ছি। কারণ আমি চাই আমার আসনের জনগনের যাদের ব্রীজ কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ দরকার তারা যেন নিজ মুখে আমার কাছে এসে সেটি বলার সুযোগ পায়।

আজ শুক্রবার (২২ মে) সকালে ২০২৫-২০২৬ অর্থবছরের সরকারি রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট-ডিসি থেকে রামারপোল লঞ্চঘাট পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আমার আসনের জনগণের যাদের সেতু-কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ দরকার, তারা যেন সরাসরি এসে আমাকে বলতে পারেন- এমন সুযোগ সৃষ্টি করাই আমার লক্ষ্য।

খোকন তালুকদার আরও বলেন, তিনি প্রতিটি ইউনিয়নে গিয়ে জনগণের চাহিদা ও সমস্যার তথ্য সংগ্রহ করছেন। কেউ লিখিত আবেদন দিচ্ছেন, আবার কেউ সরাসরি বলছেন- সবকিছুই তিনি নথিভুক্ত করছেন। তিনি বলেন, আমি চাই মানুষ তাদের প্রাপ্য উন্নয়ন কাজ আমার কাছ থেকে বুঝে নিক এবং তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হোক।

এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন, উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদার, শামিম মোল্লাসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169864