‘কেডি পাঠক’ অভিনেতার নাম ভাঙিয়ে নারীদের সঙ্গে প্রতারণা

‘কেডি পাঠক’ অভিনেতার নাম ভাঙিয়ে নারীদের সঙ্গে প্রতারণা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘আদালত’- এর ‘কেডি পাঠক’ খ্যাত ভারতীয় অভিনেতা রণিত রায়ের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে।

তার নাম ব্যবহার করে বিশেষ করে নারীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং চাওয়া হচ্ছে টাকা। এ ঘটনায় ওই প্রতারকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন এই অভিনেতা। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে ভক্তদের এই বিষয়ে সতর্ক করেছেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি এক প্রতারক রণিত রায়ের নাম ব্যবহার করে সামাজিক মাধ্যমে বিভিন্ন নারীর সঙ্গে যোগাযোগ করছেন এবং অভিনয়ে সুযোগ বা বুকিংয়ের কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। 

বিষয়টি নজরে আসার পর রণিত রায় তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর ও ই-মেইল আইডি প্রকাশ করে সবাইকে সতর্ক করেন।

ইনস্টাগ্রাম পোস্টে এই অভিনেতা লেখেন, আমার নজরে এসেছে যে এক ব্যক্তি আমার নাম ব্যবহার করে মানুষের সঙ্গে, বিশেষ করে নারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে এবং টাকা চাইছে। ওই ব্যক্তি আমার নামে বুকিং পর্যন্ত নিচ্ছে। আপনারা সবাই সাবধানে থাকুন।

প্রতারককে হুঁশিয়ার করে তিনি আরও লেখেন, পুলিশ খুব শিগগিরই তোমার কাছে পৌঁছে যাবে।

ভক্তদের উদ্দেশ্যে নিজের অবস্থান পরিষ্কার করে রণিত রায় বলেন, দয়া করে মনে রাখবেন, আমি কখনোই সামাজিক মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে নারীদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করি না। আর টাকা চাওয়ার তো প্রশ্নই ওঠে না।

এ ছাড়া পোস্টের সঙ্গে বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করে অভিনেতা অনুরোধ করেন, সেলিব্রিটিদের নাম ব্যবহার করে প্রতারণার বিষয়ে সতর্ক থাকতে এবং এ ধরনের কোনো ঘটনা নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট তারকাকে তা জানাতে। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, তিনি বা তার কোনো প্রতিনিধি কখনোই কারও কাছে টাকা বা কোনো ধরনের সুবিধা দাবি করেন না।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169849