যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বিএনপির বৈদেশিক নীতির অগ্রাধিকার, সামাজিক সুরক্ষা, কর আদায় ও সুশাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা।

তারা বলেছেন, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য ও নীতিকে নতুন করে পুনর্গঠন করতে হবে এশিয়াকেন্দ্রিক প্রবৃদ্ধির বাস্তবতা বিবেচনায় নিয়ে। 

বৃহস্পতিবার (২১ মে) রাতে ‘বিএনপি সরকারের ১০০ দিন’ শীর্ষক এক ওয়েবিনার আলোচনায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠান আয়োজন করে সমাজ গবেষণা কেন্দ্র।

ওয়েবিনারে অর্থনীতিবিদ ড. এম এম আকাশের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান, অধ্যাপক আনু মুহাম্মদ, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান ও প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রমুখ।

ওয়েবিনারটি সরাসরি সম্প্রচার হয়েছে জাগো নিউজের ফেসবুক পেজ ও ইউটিউবে চ্যানেলে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশীয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউট এবং জাতিসংঘের উন্নয়ন গবেষণার সাবেক প্রধান অধ্যাপক নজরুল ইসলাম।

আলোচনায় অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেন, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য নীতিতে একটি ‘কাঠামোগত বিভ্রান্তি’ রয়েছে। আমরা এই ধারণায় আচ্ছন্ন যে যুক্তরাষ্ট্র আমাদের বৃহত্তম রপ্তানি বাজার। কিন্তু এটি মাত্র ৮ থেকে ১০ বিলিয়ন ডলারের বাজার। আমাদের প্রকৃত বৃহত্তম বাজার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের প্রধান বাজার হওয়া সত্ত্বেও সেখান থেকে পণ্য না কিনে মার্কিন বিমান কোম্পানিগুলোকে সুবিধা দেওয়া সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না। এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে প্রতিবাদও এসেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169845