শ্রীমঙ্গলে বসতঘরের সিলিং থেকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে বসতঘরের সিলিং থেকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের সিলিং থেকে বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট এলাকায় এ ঘটনা ঘটে।

পরে অজগরটিকে উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জানা গেছে, ছাত্রাবট এলাকার খলিল মিয়ার বাসায় হঠাৎ ভোরবেলা ঘুম থেকে উঠে খলিল মিয়া ও পরিবারের সদস্যরা বাসার সিলিংয়ের বাঁশের উপর একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান। অজগর সাপটি দেখে পরিবারের সবাই ভয় পেয়ে যান। পরবর্তীতে গ্রামের লোকজন জানাজানি হলে গ্রামের সবাই মিলে সাপটিকে মারার সিদ্ধান্ত নেয়।

পরবর্তীতে গ্রামের একজন লোক বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সকালে খলিল মিয়া আমাদের খবর দিলে আমরা দ্রুত গিয়ে অজগরটিকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছি।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, অজগর সাপটিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাপটিকে ইতোমধ্যে আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করে দিয়েছি। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169814