পাবনার সাঁথিয়ায় অস্থায়ী পশুহাট ইজারাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনার সাঁথিয়ায় অস্থায়ী পশুহাট ইজারাকে কেন্দ্র করে উত্তেজনা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় অস্থায়ী পশুর হাট ইজারা নিয়ে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

জানা যায়, সাঁথিয়া পৌরসভাধীন সাঁথিয়াবাজার সংলগ্ন ইছামতী নদীর তীরে ডাইকের পাশে পরিত্যক্ত জায়গায় অস্থায়ী পশুর হাট হিসেবে পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক পাবনার বরাবর আবেদন করা হয়। সে পেক্ষিতে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে পৌর প্রশাসকের পক্ষ থেকে গত মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে হাট ইজারা (নিলাম) ডাকের আয়োজন করে। 

সে মোতাবেক ইজারা নিতে আসা ব্যক্তিরা ইজারার শর্ত অনুযায়ী ২৬ জন (প্রতি জন) বিশ হাজার টাকা করে পৌর প্রশাসকের কাছে জমা দিয়ে হাট ইজারায় অংশগ্রহণ করেন। এসময় হাট ইজারা (নিলামে) অংশগ্রহণকারী বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি) আশিফ রায়হান নিলাম ডাক স্থগিত করেন। 

বৃহস্পতিবার সকাল ৯টায় পুনরায় উক্ত অস্থায়ী পশুর হাট উভয় পক্ষকে নিয়ে নিলাম ডাকের আয়োজন করে উপজেলা প্রশাসন। এসময় অংশ নেয়া বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা তর্ক-বির্তকে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা উপজেলা পরিষদ হলরুম থেকে বের হয়ে যান। 

এসময় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা যায়। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতিসহ সংঘর্ষের সম্ভাবনা থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে 

বৃহস্পতিবার বেলা ১১ টা হতে পবিত্র ঈদ উল আজহার পূর্বদিন রাত ১২ টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না জানান, সাঁথিয়া পৌরসভাধীন ইছামতি নদীর ডাইকের পাশে অস্থায়ী পশুর হাট হিসেবে অদ্যবধি কোন পক্ষকে ইজারা দেওয়া হয়নি। 

 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169812