কৃষিবিদ শামীমের ২শ’ গাছের লিচু সবার জন্য ফ্রি
পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার আলোকদিয়ার গ্রামের কৃষিবিদ মোস্তফা জামাল শামীম গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী লিচু বাগান। তার ৮ বিঘা জমির উপর ২শ’র অধিক লিচু গাছে রয়েছে নানা জাতের লিচু। শুধু মানুষই নয়, এ বাগানের লিচু পশু, পাখির জন্যও উন্মুক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এ লিচু বাগান।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, এলাকাবাসী, হতদরিদ্র, দশনার্থী ও বন্ধু-স্বজনদের কথা চিন্তা করে এমন একটি উদ্যোগ নিয়েছেন বাগান মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও পাবনা শহরের অন্যতম স্বাস্থসেবা প্রতিষ্ঠান কিমিয়া সেন্টারের স্বত্ব¡াধিকারী কৃষিবিদ মোস্তফা জামাল শামীম। ব্যবসার পাশাপাশি তিনি শহরের প্রাণ কেন্দ্র আব্দুল হামিদ সড়কে পাবনা কলেজ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে কৃষি বিষয়ে শিক্ষকতাও করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের একপাশে বয়ে যাওয়া ইছামতি নদী। নানা ফসলের সমারোহের মাঝেই এ লিচুর বাগান গড়ে তুলেছেন কৃষিবিদ শামীম। সারিবদ্ধ গাছগুলো টসটসে লিচুতে ছেয়ে গেছে। নানা শ্রেণি পেশার নারী পুরুষ ও শিশুরা আসছেন বিনা পয়সার বাগানে লিচু খেতে। ইচ্ছেমতো লিচু খেয়ে পরিবারের জন্য নিয়েও যাচ্ছেন অনেকে। এ যেন বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন এ কৃষি উদ্যোক্তা।
বাগান দেখতে আসা কলেজ শিক্ষক আরিফ আহমেদ সিদ্দিকী বলেন, সম্প্রতি ফেসবুকে বিষয়টি দেখতে পাই। তারপরই ছুটে এসেছি নিজে এমন উদ্যোগ দেখার জন্য। আমি দেখে মুগ্ধ। আসলে মানুষের জন্য কিছু করার সদিচ্ছা থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়। যার জলন্ত উদাহরণ কিমিয়া সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জামাল শামীম।
আলাপকালে লিচু বাগানের মালিক কৃষিবিদ মোস্তফা জামাল শামীম বলেন, রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয় না এই লিচু আবাদে। বাগানে দেয়া হয় না কোন নেট বা বন্ধনী। মানুষের পাশাপাশি পশুপাখির জন্য উন্মুক্ত করা হয়েছে এ লিচু বাগান। গ্রামের মানুষের পাশাপাশি ছোট্ট বাচ্চাদের খুশি করতেই এ উদ্যোগ। যখন শুনি বাগানে নানা শ্রেণির মানুষ এসে লিচু খাচ্ছেন শুনেই তৃপ্তি পাই।
পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর আলম বলেন, এমন উদ্যোগ সচরাচর কোথাও দেখা যায় না। স্বাগত জানাই বাগান মালিককে এমন একটি ভাল কাজ করার জন্য। অনেক দরিদ্র মানুষ আছে, যাদের ইচ্ছে থাকলেও কেনার সামর্থ্য না থাকায় লিচু খাওয়া থেকে বঞ্চিত হন। তাই দেশের আরও যারা লিচু বাগান মালিক আছেন, তারা যদি এমন উদারতা দেখান তাহলে সমাজের দরিদ্র মানুষ উপকৃত হবেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169810