সন্ধ্যার পর আলোহীন বগুড়ার সান্তাহার বোনারপাড়াগামী ৪৯১আপ ট্রেন  

সন্ধ্যার পর আলোহীন বগুড়ার সান্তাহার বোনারপাড়াগামী ৪৯১আপ ট্রেন  

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চালের অধীনে সান্তাহার-বোনারপাড়াগামী ৪৯১ আপ যাত্রীবাহী ট্রেনের বগিতে সন্ধ্যার পর কোন আলো থাকে না। অলো না থাকায় প্রতিদিন অন্ধকারের মধ্যে চলাচল করছে এ ট্রেনের যাত্রীরা।

রেল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় রাতের বেলায় প্রতিটি যাত্রীবাহী ট্রেনের বগিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে। কিন্তু এ ট্রেনে বগিতে বাতি জ্বালানোর ছোট ছোট এলিডি বাল্ব লাগানো থাকলেও রাতে সেগুলো জ¦লে না। আবার কোন কোন সময় জোনাকির মতো জ্বলে। বিষয়টির প্রতি রেল কর্তৃপক্ষের তেমন একটা নজর বা গুরুত্ব নেই। গত মঙ্গলবার সন্ধ্যায় সান্তাহার থেকে ছেড়ে আসা ৪৯১ আপ ট্রেনের মোট ৮টি বগির মধ্যে মাত্র ২টি বগিতে আলো ছিল। 

আবার বুধবার রাতে ট্রেনের ৮টি বগির মধ্যে ৩টি বগিতে কোন আলো ছিল না। অন্ধকারের মধ্যে দিয়েই চলাচল করছে ট্রেনের যাত্রীরা। প্রতিদিন অনেক যাত্রী অন্ধকারের মধ্যে ট্রেনে চড়তে গিয়ে হোচট খেয়ে পড়ে যায়। শুধু তাই নয় অন্ধকারের কারণে ট্রেনের মধ্যে শিশুরা ভয়ে কান্নাকাটিও করে। এছাড়া ট্রেনের মধ্যে নিজেদের নিরাপত্তার জন্য যাত্রীরা তাদের মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে রাখেন। এভাবেই চরম ভোগান্তি আর নিরাপত্তাহীনতার মধ্যে দিয়েই চলাচল করছে এ ট্রেনের যাত্রীরা। তবে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে ট্রেনে ছিনতাইসহ নানা ধরনের অপরাধ সংঘটিত হবার শঙ্কা রয়েছে। এছাড়াও এই ট্রেনের বগির কোন ফ্যান চলে না এবং বগিগুলো ভালোভাবে পরিস্কার করা হয় না।

এ বিষয়ে জানতে চাইলে গত বুধবার রাতে কাহালু রেলস্টেশনে ট্রেনের পরিচালক মতিউরর রহমান বলেন, ব্যাটারির সাহায্যে এ বাতিগুলো জ্বালানো হয়ে থাকে। এ জন্য হয়তো কিছু সমস্যা থাকতে পারে। 

উল্লেখিত বিষয়ে কাহালু রেলস্টেশন মাস্টারকে অবগত করা হলে তিনি বলেন, বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। 

 

 

 

 

 

 

 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169803