দক্ষিণকোরিয়ায় কে-সী ফুড শো- ২০২৬ এ অংশগ্রহণ করেছে বাংলাদেশের ডিপ সী ফিশার্স লিমিটেড
গভীর সমুদ্রে মৎস্য আহরণ এবং বিশ্বব্যাপী সামুদ্রিক খাদ্য রপ্তানি খাতে দেশের অন্যতম প্রতিষ্ঠান ডিপ সী ফিশার্স লিমিটেড দক্ষিণ কোরিয়ায় আয়োজিত কে-সী ফুড শো- ২০২৬ এ অংশগ্রহণ করেছে। কোরিয়ার রাজধানী সিউলের কোয়েক্স এক্সিবিশন সেন্টারে তিনদিন ব্যাপী (১৯-২১ মে ২০২৬) আয়োজিত প্রদর্শনী উদ্বোধন করেন কোরিয়া ফিশারিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মি. ইয়ং-হুন চুং।
প্রদর্শনীতে ডিপ সী ফিশার্স লিমিটেড- এর স্টল উদ্বোধন করেন কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশী অ্যাম্বাসেডর জনাব তৌফিক ইসলাম শাতিল, এনডিসি। এর আগে দুই দেশের সামুদ্রিক মৎস্য খাতে সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, প্রযুক্তি বিনিময় এবং বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে এ বছরের ফেব্রুয়ারিতে কোরিয়া ফিশারিজ অ্যাসোসিয়েশন (কেএফএ) এবং বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের (বিএমএফএ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। কেএফএ-এর চেয়ারম্যান মি. ইয়ং-হুন চুং এবং বিএমএফএ-এর প্রেসিডেন্ট জনাব এনাম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
কোরিয়া ফিশারিজ অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের ব্যানারে ডিপ সী ফিশার্স লিমিটেড থেকে তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রদর্শনীতে অংশগ্রহণ করে। প্রতিনিধিদলে ছিলেন জনাব আখতারুজ্জামান খান কবির, জনাব সৈয়দা সুমাইয়া এবং জনাব মারুফ উস শহীদ।
এই অংশগ্রহণ বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে মৎস্য ও সী-ফুড খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পুরো অনুষ্ঠান জুড়ে বাংলাদেশী অংশগ্রহণকারীদের সার্বিক সহযোগিতা প্রদান করেন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের উচ্চমানের সী-ফুড পণ্যের প্রচার ও প্রসাওে প্রতিনিধি দলকে প্রয়োজনীয় সহায়তা ও উৎসাহ প্রদান করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169797