ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। প্রায় ১০ কিলোমিটার অংশে এ যানজট দেখা গেছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকে শুরুতে মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ থেকে দাউদকান্দি-মেঘনা সেতু পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার অংশে এই যানজট লাগে। দুপুর ১টার দিকে দাউদকান্দির গৌরিপুর পর্যন্ত ১০ কিলোমিটার অংশে যানজট দেখা গেছে। তবে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে মেঘনা-দাউদকান্দি সেতুর অপর পাশে ভবেরচর এলাকায় একটি ইটবাহী ট্রাক উল্টে যায়। এতে মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উল্টে যাওয়া ট্রাক সরিয়ে নেওয়া হয়। কিন্তু মহাসড়কে গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় যানজট আর কমেনি। উল্টো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বৃদ্ধি পাচ্ছে।

অপরদিকে যানজটের ফলে দুর্ভোগ আর ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দীর্ঘসময় ধরে যানজটে পড়ে থাকে ক্ষোভ আর আক্ষেপের কথা জানান তারা।

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, উল্টে যাওয়া ট্রাক সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু সেতুর টোলপ্লাজায় ধীরগতি আছে। পাশাপাশি মহাসড়কে গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে গৌরিপুর পর্যন্ত যানজট চলছে। আমরা যানজট নিরসনে প্রাণপণ চেষ্টা করছি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি নম্বরে কল করা হলে তিনি আইনশৃঙ্খলার মিটিংয়ে আছেন বলে কল কেটে দেন।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম খান বলেন, ভোরে মহাসড়কে দুটি দুর্ঘটনা ঘটেছিল। সেকারণে যানজট লেগেছিল। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়ায় এখন যানজট কমেছে। তবে টোল প্লাজায় ধীরগতির ফলে তা পুরোপুরি শেষ হয়নি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169769