অভিনয়ে আল আমিনের দুই দশক
অভি মঈনুদ্দীন ঃ আজ থেকে দুই দশক আগে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘একটেল ইজি লোড’-এর বিজ্ঞাপনে ইউনূস চরিত্রে মডেল হিসেবে কাজ করে বেশ সাড়া ফেলে দিয়ে মিডিয়াতে নিজের অভিষেক ঘটিয়েছিলেন মোঃ আল আমিন দূররানী। ফারুকীর সঙ্গে আল আমিনকে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেইসময়ের প্রোডাকশন ম্যানেজার ওয়াসিম পলাশ। সেই বছরেই তিনি প্রথম এই সময়ের জাতীয় ফুফু’খ্যাত অভিনেত্রী দীপা খন্দকারের সঙ্গে আশফাক নিপুণের পরিচালনায় ‘মায়া’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন পরবর্তীতে ফারুকীরই ‘৪২০’ ধারাবাহিকে অভিনয় করে আলোচনায় আসেন আল আমিন। একই পরিচালকের ‘টেলিভিন’ সিনেমাতে অভিনয় করেও তিনি দর্শকের ভালোবাসায় সিক্ত হন। এখন পর্যন্ত আল আমিন ১০০’রও বেশি একক নাটক এবং ৫০টিরও বেশি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। ধারাবাহিক নাটকের মধ্যে উল্লেখযোগ্য আরো হচ্ছে ‘চলিতেছে সার্কাস’,‘ রেড সিগন্যাল’,‘ মুকিম ব্রাদার্স’, ‘চিটিং মাস্টার’ ইত্যাদি।
বর্তমানে সঞ্জিত সরকারের ‘ম্যানেজ মাস্টার’ নাটকে অভিনয় করছেন শুধু। এরইমধ্যে আগামী ঈদের জন্য একটি নাটকে কাজ করার কথা রয়েছে। তবে সে ক্ষেত্রে গল্প ও চরিত্র যদি ভালো না লাগে তবে সেই নাটকেরও কাজও করবেন না তিনি। বরিশালের সন্তান আল আমিনের বাবা ইস্কান্দার আলী দূররানী, মা মনিয়ারা বেগম, তার এক ভাই সোহরাব ও এক বোন সাফিয়া। আল আমিনের স্ত্রী হালিমা আক্তার সুমী, তার দুই ছেলে সাফিন ও সাবিত। এরইমধ্যে সোহানের পরিচালনায় ‘বিআরবি কেবলস’এর একটি পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। যা আগামী ঈদে প্রচারে আসবে।
অভিনয় জীবনের পথচলায় প্রসঙ্গে আল আমি বলেন,‘ অভিনয় জীবনের শুরু থেকেই যে কাজই করেছি তা মন দিয়ে করার চেষ্টা করেছি, শতভাগ চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। দীর্ঘ দুই দশকের অভিনয় জীবনে আমি দেশ বিদেশের বাংলা ভাষাভাষী দর্শকের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তার আসলে কোনোকিছুর সাথে তুলনা হয়না। দর্শকের ভালোবাসাই আমার শক্তি, আমার সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা। আমি কৃতজ্ঞ আমার সকল কাজের নির্মাতাদের প্রতি বিশেষত আমার উপর আস্থা রাখার জন্য। আরো কৃতজ্ঞ আমি সামছুল হুদার কাছে আমাকে সংবাদ মাধ্যমের সাথে সম্পৃক্ত করার জন্য।’
আল আমিন অভিনয়ের স্বীকৃতি স্বরূপ একজন অভিনেতা হিসেবে ‘বাবিসাস’ সম্মাননায় ভূষিত হয়েছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169712