১০ জেলায় মৃদু তাপপ্রবাহ আবারও বাড়তে শুরু করেছে তাপপ্রবাহ : ওষ্ঠাগত জনজীবন
স্টাফ রিপোর্টার : সারাদেশে আবারও শুরু হয়েছে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১০টি জেলার ওপর দিয়ে এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছু দিন অব্যাহত থাকতে পারে। মে মাসের এই তীব্র গরমে এবং বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে মানুষের জনজীবন।
বিশেষ করে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের ভোগান্তি বেশি। গত কয়েক দিন ধরেই দেশের তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। এর আগে দেশে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাগেরহাটে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
গত কয়েকদিন মেঘ এবং রোদের লুকোচুরি চলছিল। তাপমাত্রাও নেমে এসেছিল সহনীয় পর্যায়ে। গতকাল বুধবার সকাল থেকেই তীব্র রোদের কারণে দুপুরের দিকে রাস্তায় মানুষের চলাচল সীমিত হয়ে পড়ে এবং জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। প্রখর রোদ আর গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েন দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক ও নির্মাণ শ্রমিকেরা। জীবনযাত্রার ব্যয় মেটাতে এই তীব্র গরমের মাঝেই তাদের কাজ করতে হচ্ছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাতাসে জলীয়বাষ্পের আধিক্য বা উচ্চ আর্দ্রতার কারণে প্রকৃত তাপমাত্রার চেয়েও গরম অনেক বেশি অনুভূত হচ্ছে এবং অতিরিক্ত ঘামের কারণে মানুষ দ্রুত ক্লান্ত হয়ে পড়ছে। ঘরের ভেতরে ফ্যান চললেও মিলছে না কোনো স্বস্তি। এদিকে তাপপ্রবাহের কারণে ডায়রিয়া, ডিহাইড্রেশন (পানিশূন্যতা), জ্বর, সর্দি-কাশি এবং হিট স্ট্রোকের মতো স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা এই আবহাওয়ায় বেশি অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিতে আছে।
চিকিৎসকেরা এই সময়ে পর্যাপ্ত পানি ও তরল খাবার খাওয়ার এবং সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন। তীব্র গরমের প্রভাব পড়েছে বাজারেও। দুপুরের দিকে ক্রেতাদের উপস্থিতি কমে যাওয়ায় খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। মাঠপর্যায়ে তীব্র রোদের কারণে কৃষকদের কৃষিকাজ করতে বেগ পেতে হচ্ছে এবং শ্রমজীবী মানুষের কাজের গতি কমে যাওয়ায় দৈনিক উৎপাদনও ব্যাহত হচ্ছে।
বগুড়া আবহাওয়া অফিস সূত্র জানায়, এই তাপপ্রবাহ আগামী আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে এবং জলীয়বাষ্পের কারণে অস্বস্তি বজায় থাকবে। আপাতত বড় ধরনের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় গরমের এই তীব্রতা এখনই কমছে না। গতকাল বগুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169703