বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড - মাস্টারকার্ড এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-এর সমন্বয়ে ডিলার ও পেইন্টারদের জন্য প্রিপেইড/ডেবিট কার্ড চালু করেছে

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড - মাস্টারকার্ড এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-এর সমন্বয়ে ডিলার ও পেইন্টারদের জন্য প্রিপেইড/ডেবিট কার্ড চালু করেছে

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড মাস্টারকার্ড এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-এর সহযোগিতায় নতুন কো-ব্র্যান্ডেড পেইন্টার ও ডিলার প্রিপেইড/ডেবিট কার্ড প্রোগ্রাম চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে বার্জার পেইন্টস এর সাথে সংযুক্ত পেইন্টার ও ডিলারদের দৈনন্দিন লেনদেনকে সহজ, নিরাপদ ও আরও সুবিধাজনক করার পাশাপাশি আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার সাথে যুক্ত করাই মূল লক্ষ্য।

এই কার্ড প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর রুপালি চৌধুরী, চিফ বিজনেস অফিসার আবুল কাসেম মোহাম্মদ সাদেক নেওয়াজ এবং চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও এহতেশামুল এইচ খান এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ডাইরেক্টর জাকিয়া সুলতানা -সহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই নতুন প্রিপেইড/ডেবিট কার্ডের মাধ্যমে  বার্জার পেইন্টস এর পেইন্টার ও ডিলাররা ডাচ্-বাংলা ব্যাংকের বিস্তৃত এটিএম নেটওয়ার্ক থেকে বিনামূল্যে নগদ উত্তোলনের সুবিধা পাবেন। পাশাপাশি মাস্টারকার্ডের প্রাইসলেস স্পেশালস প্ল্যাটফর্মের আওতায় দেশব্যাপী ১০,০০০–এর বেশি আউটলেটে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও স্বাস্থ্যসেবা, ইলেকট্রনিক্স, ভ্রমণ ও ই-কমার্স প্ল্যাটফর্মে বিশেষ অফার ও ডিসকাউন্ট, কেনাকাটায় আকর্ষণীয় ছাড়, হোটেল সুবিধা, বিভিন্ন মৌসুমি অফার এবং ক্যাশব্যাকসহ আরও নানা সুবিধা উপভোগ করতে পারবেন।

বার্জার পেইন্টস বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর রুপালি চৌধুরী বলেন,
“আমাদের ডিলার ও পেইন্টাররাই আমাদের ব্যবসার মূল চালিকাশক্তি। তাদের আর্থিক নমনীয়তা বৃদ্ধি, দৈনন্দিন সুবিধা উন্নত করা এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ তৈরি করতে সহায়ক বিভিন্ন টুলস প্রদানের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, এই উদ্যোগটি বার্জারের ইকোসিস্টেমের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করা এবং পেমেন্ট সুবিধা আরও সহজ করার লক্ষ্যে তিন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগের প্রতিফলন।

ডাচ্-বাংলা ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও এহতেশামুল এইচ খান বলেন,
“এই সহযোগিতা উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা সম্প্রসারণে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। বার্জার পেইন্টস ও মাস্টারকার্ডের সঙ্গে আমরা একটি গুরুত্বপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারছি এবং তাদের জন্য নিরাপদ ও রিওয়ার্ডভিত্তিক আর্থিক সেবা নিশ্চিত করতে পারছি, যা তাদের দীর্ঘমেয়াদি আর্থিক কল্যাণে সহায়ক হবে।”

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন,
“সমাজের প্রতিটি স্তরে ডিজিটাল আর্থিক সমাধানের সম্প্রসারণে মাস্টারকার্ড প্রতিশ্রুতিবদ্ধ। ডিবিবিএল ও বার্জার পেইন্টসের সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ কর্মশক্তিকে আরও বেশি সুবিধা, নিরাপত্তা এবং দৈনন্দিন জীবনে কার্যকর মূল্য নিশ্চিত করতে পারছি।”

‘সম্পর্ক ক্লাব’ ও ‘ক্লাব সুপ্রিম’ প্রিপেইড/ডেবিট কার্ড প্রোগ্রামটি তিন প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন, যার লক্ষ্য দেশের পেইন্টার ও ডিলারদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও ক্যাশলেস আর্থিক ব্যবস্থা গড়ে তোলা।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর এই উদ্যোগ ব্যবসায়িক কার্যক্রমের গণ্ডি পেরিয়ে পেইন্টার ও ডিলারদের জীবনমান ও আর্থিক কল্যাণে ইতিবাচক ও দীর্ঘমেয়াদি প্রভাব তৈরির প্রতিশ্রুতিকেই তুলে ধরে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169678