দিনাজপুরের ফুলবাড়ীতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ভাই-বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বুধবার (২০ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার খয়েরবাড়ি বাজার কুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু দুটি আপন ভাই-বোন। মারা যাওয়া ওই শিশু দুটির নাম সাবিয়া জান্নাত (৬) ও মো. সিয়াম (৪)। তাদের বাবা শাহিন আলম পেশায় একজন মুদি দোকানী। বাড়ির পাশেই বাজোরে মুদি দোকানটি চালান তিনি। 

শিশুটির মা কেয়া বেগম ও স্বজনরা জানান, তাদের বাড়ির পাশেই একটি খেলার মাঠ। মাঠ পেরিয়ে একটি পুকুর রয়েছে। বাড়িতে সকালের নাস্তা তৈরি করছিলেন কেয়া বেগম। বাবা শাহিন আলম দোকান খুলেছেন মাত্র। ওই দুই শিশুসহ আরও একজন শিশু মাঠে খেলছিল। একটা সময় তারা পুকুরের পানিতে একটি বোতল ভাসতে দেখে সেটি তুলতে যায় সিয়াম। এসময় পুকুরের পানিতে তলিয়ে যেতে থাকে। ভাইয়ের এ অবস্থা দেখে তাকে বাঁচাতে পুকুরের পানিতে নেমে পড়ে বোন সাবিয়া জান্নাত, তবে সেও তলিয়ে যায়। পরে পুকুরের ধারে থাকা অপর শিশুটি দৌঁড়ে বাড়িতে এসে খবর জানায়। তাদের মা-বাবাসহ স্থানীয়রা পুকুর থেকে শিশু দুটিকে তুলে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

ঘটনা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তারা বিষয়টি খোঁজখবর নিচ্ছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।

 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169642