২২ বছর পর আর্সেনালের ঘরে প্রিমিয়ার লিগ শিরোপা 

২২ বছর পর আর্সেনালের ঘরে প্রিমিয়ার লিগ শিরোপা 

স্পোর্টস ডেস্ক : অবশেষে ঘুচল দীর্ঘ ২২ বছরের অপেক্ষা। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন রাজা আর্সেনাল। বোর্নমাউথের সঙ্গে ম্যানচেস্টার সিটির ড্রয়ে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা উৎসব নিশ্চিত করেছে গানাররা। এ নিয়ে নিজেদের ইতিহাসে ১৪তম লিগ শিরোপা ঘরে তুলল নর্থ লন্ডনের ক্লাবটি।

মঙ্গলবার (১৯ মে) রাতে বোর্নমাউথের ঘরের মাঠ ডিন কোর্টে বাঁচা-মরার সমীকরণে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। তবে ম্যাচের শেষ মুহূর্তের নাটকীয়তায় ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে পেপ গার্দিওলার দল। সিটির এই ড্রয়ে ৩৭ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করল আর্সেনাল। সমান ম্যাচে সিটির পয়েন্ট ৭৮। ফলে আগামী রোববারের শেষ ম্যাচটি এখন দুই দলের জন্যই কেবল নিয়মরক্ষার।

সবশেষ ২০০৩-৪ মৌসুমে অপরাজেয় থেকে প্রিমিয়ার লিগ জিতেছিল আর্সেনাল। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে চলল কেবলই আক্ষেপ। বিগত তিন মৌসুমের দুটিতেই ম্যানসিটির কাছে খুব কাছে গিয়ে শিরোপা হারাতে হয়েছিল মিকেল আর্তেতার শিষ্যদের। ২০২২-২৩ মৌসুমে ৫ পয়েন্ট এবং ২০২৩-২৪ মৌসুমে মাত্র ২ পয়েন্টের ব্যবধানে আক্ষেপে পুড়তে হয় গানারদের। আর গত মৌসুমে শিরোপা জিতেছিল লিভারপুল। এবার আর ভুল করেনি আর্তেতার দল। ২০১৯ সালে দায়িত্ব নেয়ার পর আর্সেনালকে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড জেতালেও, এই স্প্যানিশ কোচের অধীনে এটিই ক্লাবটির প্রথম প্রিমিয়ার লিগ জয়।

শিরোপার রেসে টিকে থাকতে জয়ের কোনো বিকল্প ছিল না ম্যানসিটির সামনে। ম্যাচের শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে তারা। মাত্র ৫ মিনিটে জেরেমি ডকুর শট ঠেকিয়ে দেন বোর্নমাউথ গোলরক্ষক ডজর্ডি পেত্রোভিচ। ১৩ মিনিটে আন্টোয়ান সেমেনিও বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হয় সিটিকে। ৩৯ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে জুলিয়ান ট্রাফার্টের পাসে দারুণ এক শটে স্বাগতিকদের এগিয়ে নেন জুনিয়র ক্রুপি। ১-০ তে পিছিয়ে থেকে বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে সিটিজেনরা। আক্রমণে গতি বাড়াতে ফিল ফোডেন, রায়ান চেরকি ও স্যাভিনিওকে মাঠে নামান গার্দিওলা। তবে বোর্নমাউথের রক্ষণভাগের দৃঢ়তায় বারবার ব্যর্থ হতে হয় হলান্ড-ফোডেনদের। উল্টো ৯১ মিনিটে বোর্নমাউথের বদলি খেলোয়াড় ডেভিড ব্রুকসের শট পোস্টে লেগে ফিরে এলে ব্যবধান বাড়েনি।

যোগ করা সময়ে ম্যাচের নাটকীয়তা রূপ নেয় চরমে। ৯০+১ মিনিটে রদ্রির শট পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি বলে গোল করে সিটিকে সমতায় ফেরান আর্লিং হলান্ড। তবে ম্যাচ জেতার জন্য সেই গোল যথেষ্ট ছিল না। রেফারি শেষ বাঁশি বাজাতেই ১-১ গোলের ড্রয়ে উল্লাসে ফেটে পড়ে বোর্নমাউথ। এই ড্রয়ের ফলে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার ঐতিহাসিক সুযোগ তৈরি হলো বোর্নমাউথের।

আর বোর্নমাউথের সেই মাঠের উল্লাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো নর্থ লন্ডনে। গানারদের ট্রেনিং গ্রাউন্ড থেকে শুরু করে এমিরেটস স্টেডিয়ামের চারপাশ ছেয়ে যায় লাল-সাদা রঙে। হাজারো সমর্থক রাস্তায় নেমে মেতে ওঠেন শিরোপা উদযাপনে। দীর্ঘ ২২ বছর পর অধরা ট্রফি পুনরুদ্ধারের আনন্দে এখন ভাসছে গোটা আর্সেনাল শিবির। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169617