বরিশালে বিআইডব্লিউটিএ দপ্তরে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান
ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল ৯টা। সরকারি নিয়মে অফিসে উপস্থিত হয়ে জনসাধারণের সেবা দেওয়ার মোক্ষম সময়। কিন্তু বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল দপ্তরে গিয়ে দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র, সব কর্মকর্তার চেয়ারই ফাঁকা! কোনো পূর্বঘোষণা ছাড়াই সেখানে আকস্মিক পরিদর্শনে গিয়ে এমন দায়িত্বহীনতা দেখে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
আজ মঙ্গলবার (১৯ মে) সকালে বরিশালের বিআইডব্লিউটিএ কার্যালয়ে এই চাঞ্চল্যকর ঝটিকা অভিযানের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি দপ্তরের কর্মতৎপরতা ও শৃঙ্খলা যাচাই করতে আজ সকাল ঠিক ৯টায় কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই বরিশালের বিআইডব্লিউটিএ দপ্তরে হাজির হন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। তিনি একে একে বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। কিন্তু অফিস শুরুর নির্ধারিত সময় হওয়া সত্ত্বেও কর্মকর্তা পর্যায়ের কাউকেই দপ্তরে পাওয়া যায়নি।
শীর্ষ কর্মকর্তাদের এমন অনুপস্থিতিতে দপ্তরের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তির চিত্র ফুটে ওঠে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুপস্থিত থাকলেও, কয়েকজন নিম্নপদস্থ কর্মচারীকে নিজ নিজ টেবিলে দায়িত্ব পালনরত অবস্থায় দেখা যায়। কর্মকর্তা ছাড়া সেবা কার্যক্রম কতটা স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে, প্রতিমন্ত্রী নিজেই উপস্থিত কর্মচারীদের সঙ্গে কথা বলে সে বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনের সময় কর্মকর্তাদের এমন অপেশাদার আচরণ ও অনুপস্থিতি দেখে তাৎক্ষণিক তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি নিজেই উদ্যোগী হয়ে অনুপস্থিত কর্মকর্তাদের নাম ও উপস্থিতির বিবরণী নোটবুকভুক্ত করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, আপনারা যা দেখলেন, আমিও তাই দেখলাম। এ ধরনের অভিযান চলবে।
তিনি আরও বলেন, সরকারি দপ্তরে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে। দায়িত্ব পালনে অবহেলা কিংবা অনিয়মের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
বিআইডব্লিউটিএ দপ্তরের এই আকস্মিক পরিদর্শন শেষে সকাল সাড়ে ৯টার দিকে প্রতিমন্ত্রী স্পিডবোটযোগে মেহেন্দীগঞ্জের উদ্দেশে বরিশাল ত্যাগ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের স্তরে চেইন অব কমান্ড ও সময়ানুবর্তিতা ফিরিয়ে আনতে প্রতিমন্ত্রীর এই অ্যাকশন একটি শক্ত বার্তা হিসেবে কাজ করবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169538