সিলেট সীমান্তে বিএসএফ’র গুলি, পাল্টা গুলি বিজিবি’র

সিলেট সীমান্তে বিএসএফ’র গুলি, পাল্টা গুলি বিজিবি’র

মফস্বল ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছুড়লে জবাবে পাল্টা গুলিবর্ষণ করেছে বাংলাদেশের বিজিবি। ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবি’র টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার বিকেলে বিজিবি’র সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ হঠাৎ গুলি ছোড়ে। এ ঘটনায় বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলিবর্ষণ করে। বিজিবি’র দৃঢ় ও পেশাদারি পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবি’র টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে এ বাহিনী। বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169503