আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ

আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, যে দলের প্রধানরা দেশের লাখ লাখ নেতাকর্মীকে ফেলে পালিয়ে যায়, তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, তবে আওয়ামী লীগের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ। এদেশে আর কখনও তাদের রাজনীতি করতে দেওয়া হবে না।

সোমবার(১৮ মে) কুমিল্লার চৌদ্দগ্রামে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বেগমপাড়ায় আমাদের কোনো বাড়ি নেই, নেই কোনো গাড়ি। অথচ আমাদের মুরব্বিদের অনেকেরই সেখানে বাড়ি-গাড়ি রয়েছে। তাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে, চিকিৎসা নিতে বিদেশে যায়। সাধারণ মানুষ দেশে চিকিৎসা নিলেও, কিছু অসাধারণ মানুষ বিদেশে গিয়ে চিকিৎসা সেবা নেয়। এই বৈষম্যমূলক ব্যবস্থা থেকে বের হয়ে আসতে হবে।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বেকারমুক্ত বাংলাদেশ গড়তে হবে। দেশের যুবসমাজকে কাজে লাগাতে হবে। সরকারের প্রতিটি সেক্টরে মেধাবীদের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রাইভেট সেক্টরে কর্মসংস্থানের ব্যবস্থা এবং এসএমই খাতকে আরও গতিশীল করতে হবে। আগামী বাজেটে এসব দাবি অন্তর্ভুক্ত করতে হবে। দেশের শিক্ষাব্যবস্থাকেও আধুনিকায়ন করতে হবে।

বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে এনসিপির মুখ্য সংগঠক বলেন, আমরা এখন বিরোধী দলে আছি। অতি উৎসাহী কিছু পুলিশ পদোন্নতির আশায় নেতাকর্মীদের মারধর ও হয়রানি করছে। তবে এটি শুধু পুলিশের দোষ নয়। পুলিশ প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখার কারণে গ্রেফতার হতে হয়েছে, বর্তমান সময়েও একই পরিস্থিতি বিদ্যমান। আমরা এমন বাংলাদেশ চাই না।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169436