সুন্দরবনে বনদস্যু সুমন বাহিনীর আত্মসমর্পণ

সুন্দরবনে বনদস্যু সুমন বাহিনীর আত্মসমর্পণ
সুন্দরবনের বনদস্যু সুমন বাহিনীর প্রধান সুমনসহ পাঁচ সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে।
 
গতকাল  রোববার (১৭ মে) রাত ১১টার দিকে সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকায় তারা আত্মসমর্পণ করে।
 
পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য আত্মসমর্পণকারী দস্যুদের দোবেকি কোস্টগার্ড স্টেশনে রাখা হয়েছে। আত্মসমর্পণের সময় তারা তিনটি দেশীয় একনলা বন্দুক, দুটি পাইপগান, ২৫ রাউন্ড তাজা কার্তুজ ও তিন রাউন্ড ফাঁকা কার্তুজ কোস্টগার্ডের কাছে জমা দেয়।
 
আজ রোববার (১৮ মে) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে আইডি থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান বন, পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী ডা. শেখ ফরিদুল ইসলাম।
 
তিনি ফেসবুকে লেখেন, ডাকাত সুমন বাহিনীর আত্মসমর্পণ। রোববার (১৭ মে) আনুমানিক ১১টায় সুন্দবনের কুখ্যাত ডাকাত সুমন বাহিনীর প্রধান সুমনসহ সর্বমোট পাঁচ জন ডাকাত সদস্য সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকা থেকে কোস্টগার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করে। উক্ত ডাকাত সদস্যদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বর্তমানে বিসিজি স্টেশন দোবেকিতে রাখা হয়েছে।
 
অস্ত্র ও গোলাবারুদ এর বিবরন- দেশীয় একনলা বন্দুক (৩টি), দেশীয় পাইপ গান (২টি), তাজা কার্তুজ (২৫ রাউন্ড) ও ফাঁকা কার্তুজ (৩ রাউন্ড)
 
উল্লেখ্য, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে প্রতিদিন সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে দস্যু দমন অভিযান চলছে।
 
এদিকে এ বিষয়ে কোস্টগার্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, বনদস্যুদের আত্মসমর্পণের বিষয়ে কাজ চলছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169425