ফরিদপুর জেলা কারাগারে মাদক মামলার হাজতির মৃত্যু
ফরিদপুর জেলা কারাগারের হাজতি শাহ্ আলম (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল রোববার (১৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাহ্ আলম মাদক মামলার আসামি হিসেবে গত ১ এপ্রিল আদালতের মাধ্যমে ফরিদপুর কারাগারে আসেন। তিনি আলফাডাঙ্গা উপজেলা সদরের কালীবাড়ি রোডের বাসিন্দা জালাল মোল্লার ছেলে।
জেলা কারাগার সুত্রে জানা গেছে, গত চারদিন ধরে শাহ আলম পেটের ব্যথাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভুগছিলেন। তাকে জেলখানার হাসপাতাল ওয়ার্ডে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল। রবিবার দিনগত রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়। দিবাগত রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের জেল সুপার শওকত হোসেন মিয়া বলেন, মাদক মামলার আসামি শাহ্ আলম নানাবিধ শারিরীক সমস্যায় ভুগছিলেন। তিনি বলেন, মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে জেলার মনির হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় সোমবার সকালে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169424