নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে দীর্ঘ কয়েক বছর পর আবারো জাতীয় পর্যায়ে উদযাপিত হতে যাচ্ছে কবির জন্মজয়ন্তী। আগামী ২৫ মে (১১ জ্যৈষ্ঠ) জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

দীর্ঘ প্রায় দুই যুগ পর ত্রিশালের মাটিতে জাতীয় পর্যায়ের এই আয়োজন বাস্তবায়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। জানা গেছে, জাতীয় কবির স্মৃতিধন্য ত্রিশালে জাতীয়ভাবে জন্মজয়ন্তী উদযাপনের দাবিতে তিনি জাতীয় সংসদে জোরালো প্রস্তাব উত্থাপন করেন। তার এই দাবির প্রেক্ষিতেই সরকার এবার ত্রিশালে জাতীয় পর্যায়ে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয় এবং প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে।

কবি নজরুলের জন্মবার্ষিকী প্রতিবছর ২৫ মে উদযাপিত হলেও, এ বছর মে মাসের শেষ দিকে পবিত্র ঈদুল আজহার ছুটি থাকায় সময়সূচিতে কিছুটা সমন্বয় আনা হয়েছে। আগামী ২১ মে থেকে শুরু হবে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। ২৫ মে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধনের পর তিনি সরকারি নজরুল একাডেমি মাঠের ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে বক্তব্য রাখবেন।

এদিকে অনুষ্ঠানকে ঘিরে ত্রিশালজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। সরকারি নজরুল একাডেমি মাঠে বিশাল প্যান্ডেল নির্মাণ, মঞ্চসজ্জা ও আলোকসজ্জার কাজ পুরোদমে এগিয়ে চলছে।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169397