ম্যাচ জিতেও যে কারণে শাস্তি পেলেন পান্ত
স্পোর্টস ডেস্ক : আইপিএলে ধীরগতির ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন লক্ষ্মৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পান্ত। ১৫ মে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজেদের মাঠে জয় পাওয়া ম্যাচে স্লো ওভার রেট বজায় রাখায় তাকে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ।
চলতি মৌসুমে লক্ষ্মৌ ও পান্তের জন্য এটি ছিল প্রথম ওভার রেট–সংক্রান্ত শৃঙ্খলাভঙ্গের ঘটনা। আইপিএলের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, প্রথমবার এমন অপরাধ করলে ১২ লাখ রুপি জরিমানা করা হয়। দ্বিতীয়বার একই অপরাধ করলে জরিমানার পরিমাণ বেড়ে দাঁড়ায় ২৪ লাখ রুপিতে।
এ মৌসুমে আইপিএলে ধীর ওভার রেটের ঘটনা যেন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় সব দলের অধিনায়কই কোনো না কোনো সময়ে এ কারণে শাস্তি পেয়েছেন। এর আগে চলতি সপ্তাহে ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে একই কারণে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হয়েছিল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেলকে।
চলতি আসরে একই অপরাধে শাস্তি পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অজিঙ্কা রাহানে, চেন্নাই সুপার কিংসের রুতুরাজ গায়কোয়াড়, গুজরাট টাইটান্সের শুভমান গিল ও পাঞ্জাব কিংসের শ্রেয়াস আইয়ারও।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169266