বর্জ্য অপসারণ হয়নি দুই মাস চরম দুর্ভোগে ঘোড়াঘাট পৌরবাসী
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার বাঘেরহাট এলাকার রমেশ কুন্ড মার্কেটের সামনে প্রায় দুই মাস ধরে জমে থাকা ময়লার ভাগার এখন আশপাশের শতাধিক দোকান মালিক ও ব্যবসায়ীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মহাসড়ক সংলগ্ন এই ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধে দুর্বিষহ সময় কাটাচ্ছেন ব্যবসায়ী ও পথচারীরা।
আজ শনিবার (১৬ মে) সরেজমিনে দেখা যায়, এলাকার দোকানপাট ও আশপাশ থেকে উৎপন্ন সব ধরণের বর্জ্য ও দোকানের আবর্জনা, পচা সবজি, এমনকি মৃত কুকুর ও মুরগির নারীভূঁড়ি এই স্থানে ফেলা হচ্ছে। নিয়মিতভাবে ময়লা অপসারণ না করায় গত দুই মাসে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রচন্ড গরমে দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ায় অতিষ্ঠ জনসাধারণ।
ব্যবসায়ীরা জানান, দুর্গন্ধের কারণে অনেক ক্রেতাই দোকানে আসতে অনীহা প্রকাশ করছেন। এতে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে এবং বিক্রি কমে গেছে। ভাই ভাই সাইকেল স্টোরের মালিক সোলায়মানসহ একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্টদের অবহিত করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
বাঘেরহাট বাজারের ইজারাদার মুক্তি মিয়া বলেন, নির্দিষ্ট ডাস্টবিন না থাকা এবং নিয়মিত বর্জ্য অপসারণের অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সমস্যা সমাধানে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়নের মুখ দেখেনি।
বিষয়টি নিয়ে ঘোড়াঘাট পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং ময়লা অপসারণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জনদুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে এখানে বড় আকারের একটি ডাস্টবিন নির্মাণ করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169241