পঞ্চগড়ে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্র নিহত

পঞ্চগড়ে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্র নিহত

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে নির্মাণাধীন মসজিদের ছাদ থেকে পড়ে জুবায়ের রহমান(১৫) নামে এক আবাসিক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের টোকাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত জুবায়ের রহমান ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলার জাকিরুল ইসলামের ছেলে। সে টোকাপাড়া তা’লিমুল কোরআন হাফেজিয়া মাদরাসার হাফেজ রিভিশন বিভাগের আবাসিক ছাত্র ছিল।

মাদরাসা ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার আসরের নামাজ শেষে মাদ্রাসার অন্য বন্ধুদের সাথে বাইরে খেলতে যায় জুবায়ের। খেলার একপর্যায়ে সে এলাকার একটি নির্মাণাধীন মসজিদের ছাদে ওঠে। সেখানে অসাবধানতাবশত বিদ্যুতের মেইন লাইনের তারে স্পর্শ লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ছাদ থেকে নিচে ছিটকে পড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুব আলম জানান, প্রাথমিকভাবে মনে হতে পারে এটি ইলেকট্রিক শকের কারণে মৃত্যু। কিন্তু রিপোর্টে দেখা যায় ওপর থেকে নিচে পড়ে যাওয়ার প্রচণ্ড আঘাতে তার কিডনি ফেটে অভ্যন্তরীণ রক্তক্ষরণ (ব্লিডিং) হচ্ছিল।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি। কিন্তু এরমধ্যেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169232