নাটোরে ঘুমন্ত স্বামীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক

নাটোরে ঘুমন্ত স্বামীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক

নাটোর প্রতিনিধি :  সংসার জীবনের শেষ প্রান্তে এসে এক রক্তাক্ত ট্র্যাজেডির সাক্ষী হলো নাটোর। দীর্ঘদিনের দাম্পত্য কলহের কারণে সদর উপজেলার চৌগাছি উত্তরপাড়া গ্রামে মোঃ মকছেদ হোসেন মানু (৭০) নামে এক বৃদ্ধের ঘুমন্ত অবস্থায় জীবনের অবসান ঘটেছে তার নিজের স্ত্রীর হাতেই। এই ঘটনায় জড়িত তার স্ত্রী অতেজান বেগমকে (৫০) আটক করেছে পুলিশ। আজ শনিবার (১৬ মে) বেলা দেড়টার দিকে কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি উত্তরপাড়া গ্রামে এই নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মকছেদ হোসেন মানু ওই গ্রামের মৃত জিয়ারত সরকারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালের দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। এরপর মাঠে কাজ করতে যান মকছেদ হোসেন। সেখান থেকে ফিরে এসে অন্য দিনগুলোর মতোই নিজের ঘরে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু সেই ঘুম আর ভাঙেনি তার। পূর্বের কলহের জেরে ঘরের ভেতর থাকা ধারালো হাসুয়া দিয়ে ঘুমন্ত স্বামীর  গলায় সরাসরি কোপ বসিয়ে দেন স্ত্রী অতেজান বেগম। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন মকছেদ হোসেন। এ অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

প্রতিবেশীরা  তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। একই সাথে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত স্ত্রী অতেজান বেগমকে আটক করে পুলিশ। 

স্থানীয় বাসিন্দাদের দাবি, অতেজান বেগম দীর্ঘদিন ধরেই কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে ইদানিং পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। সেই ক্ষোভ থেকেই হয়তো এই হত্যাকান্ড, নাকি মানসিক বিকারগ্রস্ততার চরম বহিঃপ্রকাশ, তা নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ মনসুর রহমান একই কথা ব্যক্ত করে  জানান, হত্যাকান্ডের শিকার বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্ত্রীকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পেছনে মূল কারণ কী পারিবারিক কলহ নাকি মানসিক অসুস্থতা, তা সঠিক তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় একটি মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169229