আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতায় ছাত্রী বিভাগে চ্যাম্পিয়ন ঢাবি

আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতায় ছাত্রী বিভাগে চ্যাম্পিয়ন ঢাবি

ঢাবি প্রতিনিধি : আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল (ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। প্রতিযোগিতায় রানারআপ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এছাড়া প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় টুম্পা আক্তার সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

শনিবার (১৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। খেলায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও দারুণ ক্রীড়ানৈপুণ্যের প্রদর্শন।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এসময় তিনি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং খেলাধুলার মাধ্যমে নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভলিবল কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও খেলোয়াড়রা।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ভলিবল দল তাদের ধারাবাহিক সাফল্যের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169210