সন্তানের থেকে কুকুর পোষা ভালো ,দাম্পত্য নিয়ে বিস্ফোরক শেফালি

সন্তানের থেকে কুকুর পোষা ভালো ,দাম্পত্য নিয়ে বিস্ফোরক শেফালি

বলিউড অভিনেত্রী শেফালি শাহ বরাবরই স্পষ্টভাষী। ব্যক্তিগত জীবন হোক কিংবা সমাজের প্রচলিত ধারণা নিজের মতামত অকপটে প্রকাশ করতেই পছন্দ করেন তিনি। এবার বিয়ে, সম্পর্ক, সন্তান ও সমাজের চাপ নিয়ে খোলাখুলি কথা বলে ফের আলোচনায় এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শেফালি বলেন, আমাদের সমাজে এখনও নারীদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হিসেবে বিয়ে ও মাতৃত্বকেই দেখা হয়। অথচ সম্পর্ক বা সংসার নিয়ে সিদ্ধান্ত নেয়ার আগে মানসিকভাবে পরিণত হওয়া জরুরি। তরুণীদের উদ্দেশে তিনি বলেন, খুব অল্প বয়সে বিয়ের সিদ্ধান্ত না নেয়াই ভালো। মানুষের সঙ্গে মিশতে হবে, বুঝতে হবে, তারপরই জীবনের বড় সিদ্ধান্ত নেয়া উচিত।

অভিনেত্রীর ভাষায়, বিয়ে মানেই শুধু রোম্যান্স নয়, এতে অনেক পরিশ্রমও আছে। তার মতে, সম্পর্ককে হালকাভাবে দেখলে চলবে না। শেফালি শাহর সাক্ষাৎকারের এক পর্যায়ে বলেন, আমি কি শুধু একটা কথা বলতে পারি? আমাকে অনেক ট্রোল করা হবে। সন্তান নেয়ার থেকে কুকুর পোষা ভালো। শেফালি আরও বলেন যে মানুষের জীবনে কুকুরই একমাত্র প্রাণী যারা নিঃশর্ত ভালোবাসা দেয়।

এদিকে বর্তমান টেলিভিশন কনটেন্ট নিয়েও হতাশা প্রকাশ করেছেন শেফালি। তার মতে, আগে গল্পভিত্তিক কাজের প্রতি গুরুত্ব বেশি ছিল। এখন টিআরপি আর প্রতিদিনের ডেডলাইনের চাপে কনটেন্টের গুণগত মান অনেকটাই কমে গেছে।

প্রসঙ্গত, শেফালি শাহ প্রথমে টিভি অভিনেতা হর্ষ ছায়া-কে বিয়ে করেছিলেন। তবে চার বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০০০ সালে শেফালী চলচ্চিত্র নির্মাতা বিপুল অমৃতলাল শাহকে বিয়ে করেন। তাদের দুই ছেলে রয়েছে। পাশাপাশি নিজের পোষ্যদেরও পরিবারের সদস্যের মতোই ভালোবাসেন এই অভিনেত্রী।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169179