বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু

বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু

মফস্বল ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের চাকা মেরামতের সময় বাসচাপায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে বাবা ও ছেলে। আজ শনিবার (১৬ মে) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক ইয়াকুব আলী (২৬) যশোর সদর উপজেলার রুপদিয়া এলাকার বাসিন্দা ও তার বাবা ইউসুফ আলী (৫০)। ইয়াকুব মালবাহী ট্রাকটির চালক ছিলেন এবং তার বাবা ইউসুফ আলী হেলপার হিসেবে তার সঙ্গে কাজ করতেন।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি মালবাহী ট্রাক ভোরে বগাইল টোলপ্লাজা এলাকায় পৌঁছালে ট্রাকটির পিছনের একটি চাকা বিকল হয়ে যায়। পরে সড়কের ওপর এক পাশে ট্রাকটি থামিয়ে চালক ইয়াকুব ও তার বাবা ইউসুফ আলী মিলে চাকা মেরামতের কাজ করছিলেন। এসময় ভাঙ্গাগামী দ্রুতগতির একটি অজ্ঞাত বাস পেছন দিক থেকে এসে তাদের দুই জনকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। ঘাতক বাসটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169125