জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীর সন্ধান দিলেই পুরস্কার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তে মাঠে কাজ করছে পুলিশ। ওই ব্যক্তির সন্ধান দিতে পারলে নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুলিশ সদরদফতর থেকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে।
আজ শনিবার (১৬ মে) পুলিশ সদরদফতরের পক্ষ থেকে পাঠানো এক জরুরি জনসচেতনতামূলক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী তার সুনির্দিষ্ট পরিচয় ও অবস্থান শনাক্ত করার জন্য কাজ করছে। ছবিতে বা সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই ব্যক্তির পরিচয়, বর্তমান অবস্থান বা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনও তথ্য কেউ জেনে থাকলে তা দ্রুত পুলিশকে জানিয়ে সহযোগিতা করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বার্তায়।
তথ্য দেওয়ার জন্য পুলিশ সদরদফতরের পক্ষ থেকে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে। তথ্যদাতারা ০১৩২০-০৮৯৩০৫ নম্বরে যোগাযোগ করে যেকোনো নির্ভরযোগ্য তথ্য দিতে পারবেন। পুলিশ সদরদফতর থেকে আরও বলা হয়েছে, তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সঠিক তথ্য প্রদানকারীকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169120