সিলেট টেস্টে স্ট্রেচারে মাঠ ছাড়লেন হাসান আলি 

সিলেট টেস্টে স্ট্রেচারে মাঠ ছাড়লেন হাসান আলি 

স্পোর্টস ডেস্ক: সিলেট টেস্টের শুরুতেই মাঠে ঘটল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন পাকিস্তানের পেসার হাসান আলি। ঘটনাটি ঘটেছে ইনিংসের অষ্টম ওভারে। দুই পেসার মোহাম্মদ আব্বাস ও খুররাম শাহজাদের পর তৃতীয় বোলার হিসেবে আক্রমণে আসেন হাসান। তবে নিজের ওভারটিও পূর্ণ করতে পারেননি হাসান। তার করা পঞ্চম বলটি পড়তে ভুল করেন বাংলাদেশের অভিষিক্ত ব্যাটার তানজিদ হাসান তামিম। তার ব্যাটে বল স্পর্শ করে বোলারের খানিকটা সামনে পড়ে। লাফিয়ে ক্যাচ লুফে নিতে গিয়ে ব্যর্থ হন হাসান। উল্টো পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এরপর সঙ্গে সঙ্গেই মাথায় হাত দিয়ে বসে পড়েন তিনি। মাঠে চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসার পরও অস্বস্তিবোধ যায়নি তার। পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।মাঠ থেকে পাওয়া শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে তার ইনজুরি কতটা গুরুতর।এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে শনিবার (১৬ মে) টস হেরে ব্যাটিংয়ে আমন্ত্রণ পায় বাংলাদেশ। এদিন টাইগারদের একাদশে আনা হয়েছে দুই পরিবর্তন। সাদমান ইসলামের জায়গায় তানজিদ হাসান তামিম আর এবাদত হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।
 
সিরিজ বাঁচানোর মিশনে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। ইমাম-উল-হক, শাহিদ শাহ আফ্রিদি ও নোমান আলির জায়গায় খেলছেন বাবর আজম, খুররাম শাহজদ ও সাজিদ খান।
 
ঢাকায় প্রথম টেস্টে ১০৪ রানের বড় জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169109