রাজশাহীতে আম সংগ্রহ শুরু
রাজশাহী প্রতিনিধি: জেলা প্রশাসনের ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী রাজশাহীতে শুরু হয়েছে আম সংগ্রহ। গতকাল বৃহস্পতিবার সকালে গাছ থেকে গুটি আম নামানো হয়। আগামী পনের দিনের মধ্যে বাজারে আসবে গোপাল, লক্ষন ও হিমসাগরের মত জনপ্রিয় জাত। বাগানিরা বলছেন, এবছর আমের পরিবেশ ভালো ছিলো। একারণে ফলন ভালো হয়েছে।
এখন দাম ভালো থাকলে তারা লাভবান হবেন। রাজশাহী জেলায় এবছর আমবাগান রয়েছে ১৯ হাজার ৬২ হেক্টর জমিতে। এতে প্রায় ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্টিকটন আম উৎপাদনের আশা করা হচ্ছে।
আজ শুক্রবার (১৫ মে) জেলার বড় আমবাজার বানেশ্বরে আম কেনাবেচা শুরু হয়েছে। মৌসুমের প্রথম দিন জাত ও আকারভেদে ৮শ’ থেকে ১২শ’ টাকা মণ আম বিক্রি হয়। গত রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় আনুষ্ঠানিকভাবে ‘ম্যাংগো ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়।
সভায় জানানো হয়, আগামী ২২ মে থেকে গোপালভোগ, আগামী ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ, আগামী ৩০ মে থেকে হিমসাগর বা খিরসাপাত বাজারজাত করা যাবে। এছাড়া আগমী ১০ জুন থেকে ল্যাংড়া ও বানানা ম্যাংগো, আগামী ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি সংগ্রহের অনুমতি থাকবে।
আগামী ৫ জুলাই থেকে বারি আম-৪, আগামী ১০ জুলাই থেকে আশ্বিনা এবং আগামী ১৫ জুলাই থেকে গৌড়মতি আম নামানো যাবে। অন্যদিকে কাটিমন ও বারি-১১ জাতের আম সারা বছরই সংগ্রহ করা যাবে বলে সিদ্ধান্ত হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, রাজশাহীতে ১৯ হাজার হেক্টর জমির আম ৭৮০ কোটি টাকায় বিক্রির সম্ভাবনা রয়েছে।
জেলা প্রশাসক জানিয়েছেন, রাসায়নিক ব্যবহার করে আম বাজারজাত করা বন্ধ করতে কঠোর অবস্থানে প্রশাসন। রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, অপরিপক্ক আম বাজারে আসা ঠেকাতে এবং ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত আম নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে গাছ থেকে আম নামিয়ে বাজারজাত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169064