ছাত্রীসংস্থার উদ্যোগে ঢাবিতে ক্বারীয়ানা তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি: ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে “লাওহে মাহফুজের নূর” শীর্ষক ক্বারীয়ানা তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে আয়োজকরা ঐতিহাসিক কুরআন দিবসের তাৎপর্য তুলে ধরে সেইসব শহীদদের স্মরণ করেন, যারা কুরআন পড়ার অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন।
এরপর প্রতিযোগীরা পর্যায়ক্রমে সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত পরিবেশন করেন। বিচারকমণ্ডলীর মূল্যায়নের মাধ্যমে প্রতিযোগিতা এগিয়ে চলে। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তালিমুল কুরআন ফাউন্ডেশনের উস্তাযা প্যানেলের সদস্য মুহতারামা মান্জুমান আরা মিন্জু, মুহতারামা মাহমুদা শিকদার মুন্নি এবং মুহতারামা সাবিনা ইয়াসমিন ইতি।
আয়োজনের একপর্যায়ে উন্মুক্ত সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। পরে বিচারকরা তাঁদের নসীহতে কুরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে কুরআনের হক আদায়ের আহ্বান জানান।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থান অধিকারীকে ৫ হাজার টাকা, স্যাশ ও অর্থসহ কুরআন, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩ হাজার টাকা, স্যাশ ও অর্থসহ কুরআন এবং তৃতীয় স্থান অধিকারীকে ২ হাজার টাকা, স্যাশ ও অর্থসহ কুরআন প্রদান করা হয়। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদের প্রত্যেককে ১ হাজার টাকা ও অর্থসহ কুরআন উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়; বরং ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের জন্য নাযিল হয়েছে। কুরআনের মর্যাদা রক্ষায় ঈমানদার মানুষের আত্মত্যাগ সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকার প্রেরণা জোগায়। কুরআনের আলো সমাজের সর্বস্তরে পৌঁছে দিয়ে আল্লাহর বিধান প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে কুরআনের শিক্ষা ও চর্চা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169052