সৌদি আরবে আরও দুই বাংলাদেশি নারী হজযাত্রীর মৃত্যু, মোট প্রাণহানি ১৪
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী।
আজ শুক্রবার (১৫ মে) মক্কার বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে। মারা যাওয়া দুই হজযাত্রী হলেন গাজীপুর সদরের নাসরীন জাহান এবং সাভারের নুসরাত শারমীন।
সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের চিকিৎসাসেবা দিতে স্থাপিত মেডিকেল সেন্টার থেকে এখন পর্যন্ত ২৭ হাজার ১১৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৬ হাজার ৪৩০টি সেবা প্রদান করা হয়েছে।
হজ অফিসের তথ্যমতে, চলতি বছর মোট ৭৮ হাজার ৫০০ জনের বেশি বাংলাদেশি হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।
এ পর্যন্ত ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস ৭৮ হাজার ৩৭৮টি হজ ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৩টি ভিসা রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইটটি আগামী ৩০ জুন ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।