চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শন করেছেন।
আজ শুক্রবার (১৫ মে) পরিদর্শনকালে তিনি চিড়িয়াখানার সার্বিক পরিবেশ, পশুপাখির পরিচর্যা ও স্বাস্থ্যব্যবস্থা, খাদ্য সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা এবং দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় প্রতিমন্ত্রী বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি বলেন, জাতীয় চিড়িয়াখানা দেশের গুরুত্বপূর্ণ বিনোদন ও শিক্ষা কেন্দ্রগুলোর অন্যতম।
এছাড়া চিড়িয়াখানাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন, দর্শনার্থীবান্ধব এবং পশুপাখির জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
একই সঙ্গে পশুপাখির কল্যাণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানসহ চিড়িয়াখানার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।