আন্তর্জাতিক দাবার মঞ্চে নতুন চ্যালেঞ্জে বাংলাদেশের সাকলাইন মোস্তফা সাজিদ
স্পোর্টস ডেস্ক : কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিচ্ছেন বাংলাদেশের কিশোর দাবাড়ু সাকলাইন মোস্তফা সাজিদ
বাংলাদেশের উদীয়মান কিশোর দাবাড়ু সাকলাইন মোস্তফা সাজিদ আগামী কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিতে শ্রীলঙ্কা যাচ্ছেন। আগামী ১৭ মে থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত এই আন্তর্জাতিক আসরে ওপেন চ্যাম্পিয়নশিপ ও ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ৯ টি করে মোট ১৬ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।
১৫ বছর বয়সী সাকলাইনের বর্তমান আন্তর্জাতিক দাবা ফেডারেশনের FIDE রেটিং ২৩১৬ এবং তার FIDE ID 10244654। ইতোমধ্যেই দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন এই দাবাড়ু। আর সাফল্য অর্জনের মাধ্যমে তিনি বাংলাদেশের দাবা অঙ্গনে সম্ভাবনাময় প্রতিভা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
২০২৫ সালের ন্যাশনাল ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১৮ ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সাকলাইন মোস্তফা সাজিদ। এছাড়াও ২০২৪ সালে অনুষ্ঠিত ৭ম ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১৪ ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয়ে তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিদে মাস্টার (FM) খেতাব অর্জন করেন।
২০২৩ সালে শেখ রাসেল ৪১তম জাতীয় জুনিয়র অনূর্ধ্ব-২০ ওপেন দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হন এই তরুণ দাবাড়ু।
আসন্ন কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে সাকলাইনের অংশগ্রহণে পৃষ্ঠপোষকতা করছে দ্য রয়্যাল ইউটিলাইজেশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটি ১৯৭৬ সাল থেকে তেল, গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামো খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংশ্লিষ্টরা আশা করেন, আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় সাকলাইন তার মেধা ও দক্ষতার মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন সাফল্য বয়ে আনবেন এবং বিশ্ব দাবা অঙ্গনে দেশের মর্যাদা আরও উজ্জ্বল করবেন। আর সাকলাইন জানান, এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপের পাশাপাশি নিজের র্যাংকিংও উন্নতি করবেন তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169006