ব্যাটারিচালিত রিকশার ওপর অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকার বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে। উচ্চবিত্তদের জন্য 'সম্পদ কর' প্রবর্তন এবং প্রথমবারের মতো মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার ওপর অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই নির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।
বাজেট পরিকল্পনায় সুখবর রয়েছে সাধারণ করদাতাদের জন্য। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর করের চাপ কমাতে করমুক্ত আয়ের সীমা বর্তমানের ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে পর্যায়ক্রমে ৪ লাখ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক ছাড়ের সীমা ৫ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাবেও অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।
পরিবহন খাতে করের আওতা বাড়াতে মোটরসাইকেলের সিসি অনুযায়ী বার্ষিক কর নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। ১১১-১২৫ সিসি: ১,০০০ টাকা। ১২৬-১৬৫ সিসি: ৩,০০০ টাকা। ১৬৫ সিসির বেশি: ৫,০০০ টাকা। বিলাসবহুল গাড়ি (৩,৫০০ সিসির বেশি): অগ্রিম আয়কর ২ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করার পরিকল্পনা রয়েছে। তবে ১,৫০০ সিসি পর্যন্ত গাড়ির বিদ্যমান ২৫ হাজার টাকার কর অপরিবর্তিত থাকবে।
আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বিশাল বাজেট পেশ করা হতে পারে। এটি চলতি অর্থবছরের চেয়ে ১ লাখ ৪০ হাজার কোটি টাকা বেশি। সরকারের মূল লক্ষ্য হলো সরাসরি করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানো এবং উচ্চবিত্তদের কঠোর নজরদারিতে আনা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168997