নিজস্ব তৈরি 'ফাতাহ-৪' ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

নিজস্ব তৈরি 'ফাতাহ-৪' ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের উদ্ভাবিত অত্যাধুনিক স্থল-উৎক্ষেপণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র 'ফাতাহ-৪'-এর সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান । বৃহস্পতিবার (১৪ মে)  এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। মূল লক্ষ্য ছিল সেনাসদস্যদের দক্ষতা বাড়ানো এবং ক্ষেপণাস্ত্রের বিভিন্ন কারিগরি দিক যাচাই করা।

আইএসপিআর জানিয়েছে, ফাতাহ-৪-এর লক্ষ্যভেদের নির্ভুলতা ও প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার ক্ষমতা আরও বাড়ানো হয়েছে। অত্যাধুনিক অ্যাভিওনিক্স এবং সর্বাধুনিক নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করায় এটি অনেক দূরের লক্ষ্যবস্তুতেও খুব সঠিকভাবে আঘাত হানতে সক্ষম।

এই সফল পরীক্ষায় সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। তারা 'ফাতাহ' সিরিজের এই ক্ষেপণাস্ত্রের পেছনে যারা কাজ করেছেন—বিজ্ঞানী, প্রকৌশলী ও সংশ্লিষ্ট সবার নিরলস পরিশ্রমের প্রশংসা করেছেন।

এর আগে মাত্র দুই সপ্তাহ আগে পাকিস্তান সেনাবাহিনী 'ফাতাহ-২' ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। আর তারও এক সপ্তাহ আগে পাকিস্তান নৌবাহিনী নিজস্ব তৈরি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈমুরের সফল পরীক্ষা করে।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168993