ঈদে নাটক সিনেমাতে দেখা যাবে দীপা খন্দকারকে
অভি মঈনুদ্দীন ঃ অভিনয় জীবনের এক অন্যরকম সুন্দর সময় পার করছেন দেশের জনপ্রিয় নাট্যাভিনেত্রী দীপা খন্দকার। অভিনয় জীবনের শুরুতে যেমন তুমুল ব্যস্ত ছিলেন তিনি, এই সময়ে এসে সেই সময়টাই যেন পার করছেন তিনি। পরিণত বয়সে যে ধরনের চরিত্রে অভিনয় করার প্রয়োজন সেইসব চরিত্রই যেন তার কাছে আসছে, তিনিও সেসব ভালো ভালো গল্পের নাটকে নিজেকে একের পর এক তুলে ধরছেন। তবে কাজ করছেন তিনি অনেক বেছে বেছে।
এরইমধ্যে দীপা জানালেন আগামী ঈদে তার অভিনীত তন্ময় সূর্য পরচিালিতত ‘হাঙ্গর’ সিনেমাটি মুক্তি পাবে। আগামী ঈদে বিভিন্ন টিভি চ্যানেল, ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য অভিনয় করেছেন আরিফ খানের ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প-২’, চয়নিকা চৌধুরীর ‘আবার হবে দেখা’ নাটকগুলো। আগামীকাল পর্যন্ত দীপা খন্দকার ব্যস্ত থাকবেন ইমরোজ শাওন পরিচালিত ঈদের নাটক ‘স্টোরি এবাউট ইউ অ্যাণ্ড মি’ (নাম পরিবর্তন হতে পারে) নাটকওে কাজ নিয়ে। এরপর তিনি মীর সাব্বির ও মহিমদুল মহিমের আরো দুটি নাটকের কাজ করবেন। দীপা খন্দকার বলেন,‘ সাম্প্রতিক সময়ে আমার অভিনীত বলা যায় প্রতিটি নাটকের জন্যই আমি অবিশ্বাস্য রকম সাড়া পেয়েছি। বিশেষত এটা আমাদেরই গল্প নাটকে ফুফু চরিত্রে অভিনয়ের জন্য। এটা সত্যি কখনো কল্পনাও করিনি এই সময়ে এসে এমন একটা নাটকে অভিনয়ের জন্য আমি দেশ বিদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছ থেকে আমি এতো সাড়া পাবো। দর্শক একটি চরিত্রকে এতো ভালোবাসতে পারে তা নতুন করে জানা হলো। আমি কৃতজ্ঞ দর্শকের প্রতি, নির্মাতার প্রতি, আমার সহশিল্পীদের প্রতি। আগামী ঈদে হাঙ্গর সিনেমা’সহ আরো খুউব সুন্দর সুন্দর গল্পের নাটক প্রচারে আসবে। এখন পর্যন্ত যতোগুলো নাটকে অভিনয় করেছি, প্রত্যেকটি নাটকের গল্প এক কথায় অসাধরন। সহশিল্পী হিসেবে শ্রদ্ধেয় ফেরদৌসী মজুমদার আন্টি, মামুনুর রশীদ ভাই, আফজাল ভাইকে পেয়েছি-এটা সত্যিই অনেক বড় বিষয় আমার কাছে। কারণ তারা প্রত্যেকেই অভিনয়ের পাঠশালা বলা চলে। তাদের কাছ থেকে এখনো আমার শেখার অনেক কিছু আছে। আমি তাদের সঙ্গে আরো কাজ করতে চাই, নিজেকে আরো অনেক সমৃদ্ধ করতে চাই। ধন্যবাদ নতুন নির্মাতাদের যারা আমাকে নিয়ে কাজ করার প্রবল আগ্রহ দেখান।’
এদিকে গত ৮ মে অনুষ্ঠিত ‘বাইফা’ অ্যাওয়ার্ডে দীপা খন্দকার ‘এটা আমাদেরই গল্প’ নাটকে অভিনয়ের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠত্বর সম্মাননা লাভ করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168990