ঈদুল আজহায় বগুড়ায় পর্যাপ্ত লবণের  সরবরাহ, সাতদিন জেলা থেকে  চামড়া পরিবহন নিষিদ্ধ

ঈদুল আজহায় বগুড়ায় পর্যাপ্ত লবণের  সরবরাহ, সাতদিন জেলা থেকে  চামড়া পরিবহন নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে নিরবিচ্ছিন্নভাবে লবণ সরবরাহ নিশ্চিতকল্পে বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা লবণ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঈদুল আজহা কেন্দ্রীয় চামড়া সংরক্ষণ, বাজার নিয়ন্ত্রণ ও হাট ব্যবস্থাপনায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে-কোরবানির ঈদের প্রথম এক সপ্তাহের মধ্যে বগুড়া জেলা থেকে বাইরে কোনো চামড়া পরিবহন করা যাবে না। এছাড়া চামড়া কেনাবেচার সঙ্গে জড়িতদের গুণগত মান বজায় রাখতে এবং সঠিকভাবে চামড়া সংরক্ষণের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সভায় আরও জানানো হয়, কোরবানির চামড়া সংরক্ষণের প্রধান উপাদান লবণের কোনো সংকট নেই এবং জেলায় বর্তমানে পর্যাপ্ত লবণের সরবরাহ রয়েছে। পশুর হাট ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত হয়, ঈদের আগে প্রতিটি পশুর হাটে নির্দিষ্ট হাসিলের তালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখতে উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হাটে ক্রেতা-বিক্রেতাদের প্রতারণা থেকে বাঁচাতে জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন করা হবে এবং হাটের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হবে।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, বিসিক বগুড়ার ডিজিএম মাহফুজুর রহমান এবং স্থানীয় লবণ ও চামড়া ব্যবসায়ী নেতৃবৃন্দ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168986