মাঠের ধান বাড়িতে নিতে কৃষকের হিমশিম

মাঠের ধান বাড়িতে নিতে কৃষকের হিমশিম

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ট্রাক্টর দিয়ে মাটি পরিবহনের কারণে রাস্তার বেহাল দশা হয়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় অর্ধহাঁটু কাদা হয়ে যায়। ফলে বোরো মৌসুমে কৃষক তাদের উৎপাদিত ধান জমি থেকে কেটে বাড়ি পর্যন্ত পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। 

উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর-শাহাগোলা পাকা সড়কের নিকটবর্তী কয়সা গ্রামে বিপুল সংখ্যক লোকের বসবাস। গ্রামের মাঝদিয়ে জনসাধারণের চলাচলের জন্য রয়েছে একটি রাস্তা। যা দিয়ে কয়সা গ্রাম ছাড়াও তারাটিয়া বড়ডাঙ্গা, হাতিয়াপাড়া, মির্জাপুর, মাগুড়াপাড়াসহ বেশ কয়েক গ্রামের লোকজন মাঠে যাতায়াত করেন। তাদের মাঠে উৎপাদিত সকল প্রকার কৃষিপণ্য এ রাস্তা দিয়েই পরিবহণ করতে হয়। 
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার কিছু অংশে আরসিসি ঢালাই করা হলেও মাত্র ৩ থেকে সাড়ে ৩শ’ মিটার মেটো রাস্তা রয়েছে। সম্প্রতি কয়েকদিনের বৃষ্টিতে রাস্তার বেহাল দশা হয়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ মাঠে একটি পুকুর খনন করা হচ্ছে। ওই পুকুরের মাটি ট্রাক্টর বোঝায় করে প্রতিনিয়িত এ রাস্তা দিয়ে পরিবহন করা হচ্ছে। লাগামহীন ট্রাক্টর চলাচলে রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। 

কয়সা গ্রামের আব্দুস ছালাম বলেন, রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় গ্রামের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা স্কুল ও মাদ্রাসায় যেতে পারছে না। একই গ্রামের আসলাম হোসেন বলেন, বোরো মৌসুমের শুরু থেকেই রাস্তাটির বেহাল দশা হয়ে রয়েছে। বোরো ধান তোলা কষ্টকর হয়ে পড়েছে। 

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ বলেন, রাস্তাটির কিছু অংশ আরসিসি ঢালাই করা হয়েছে। অবশিষ্ট অংশের কাজের জন্য প্রকল্প দাখিল করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে পুরো রাস্তা আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কার করা হবে। তখন এ দুর্ভোগ আর থাকবে না।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168967