শিবালয়ে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ২ পরীক্ষার্থী
মানিকগঞ্জের শিবালয়ে এসএসসি পরীক্ষা শেষে কিশোর গ্যাংয়ের হামলার শিকার দুই শিক্ষার্থী।
গতকাল বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার বোয়ালী ডাক্তারখানা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিবালয় থানায় পৃথক ২টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
হামলার শিকার দুই শিক্ষার্থী হলো- উপজেলার জাফরগঞ্জ শফিউদ্দিন দাখিল মাদরাসার পরীক্ষার্থী ষাটঘর বিলপাড়া গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে মো. নিরব বিশ্বাস এবং শিবালয় রশিদিয়া দাখিল মাদরাসার পরীক্ষার্থী দক্ষিণ তেওতা গ্রামের নান্নু হাওলাদারের ছেলে হাবিবুর রহমান।
অভিযোগের সূত্রে জানা যায়, গতকাল বুধবার পরীক্ষা শেষে বোয়ালী ডাক্তারখানা এলাকায় পৌঁছালে ওৎ পেতে থাকা একদল যুবক তাদের ওপর হামলা চালায়। জমদুয়ারা গ্রামের শহিদ মিয়ার ছেলে সুমন মিয়া (১৮), আলমগীরের ছেলে শহিদুল্লাহ (১৮), শাহিন (১৮), রিফাত (১৯) ও ইকরামসহ (১৯) আরও অজ্ঞাতনামা ১৫/২০ জন সংঘবদ্ধ হয়ে লাঠিশোটা নিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করে। এতে দুই শিক্ষার্থী আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আহত পরীক্ষার্থী নিরব বিশ্বাস জানান, পরীক্ষা শেষে দুপুর ১টার দিকে বোয়ালী ডাক্তারখানা এলাকায় পৌঁছালে শহিদুল্লাহ, সুমন ও শাহিনসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার চোখের নিচে, ডান হাতের কবজিতে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অপর আহত পরীক্ষার্থী হাবিবুর রহমান বলেন, পরীক্ষা শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে একটি রিক্সায় উঠলে শহিদুল্লাহ, রিফাত ও ইকরামসহ আরও কয়েকজন তাকে রিক্সা থেকে টেনে নামিয়ে মারধর করে। এতে তার বাম হাতে গুরুতর আঘাত লাগে এবং ডান কানে বর্তমানে ঠিকমতো শুনতে পারছেন না বলে জানান তিনি।