বাস-ট্রেন-লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে: ডা. জোবাইদা রহমান

বাস-ট্রেন-লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে: ডা. জোবাইদা রহমান
শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা যেন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের পথে কোনোভাবেই বাধা না হয়, সে জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা ও সব ক্ষেত্রে প্রবেশাধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন ডা. জোবাইদা রহমান। তিনি জানান, দেশের বাস, ট্রেন ও লঞ্চে প্রতিবন্ধীদের জন্য বিনা ভাড়ায় যাতায়াতের আইনি বিধান করা হবে।
 
আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
 
 
জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমান বলেন, ‘বর্তমান সময়ে বিজ্ঞানের সহায়তায় সঠিক ও সময়োপযোগী সহযোগিতা নিশ্চিত করা জরুরি। নির্দিষ্ট সময়ে চিকিৎসা সহায়তা পেলে বিশেষভাবে সক্ষম শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ সম্ভব। ‘শিশু স্বর্গ’ প্রকল্প শিশু-কিশোর ও তাদের মায়েদের জন্য একটি কার্যকর সাপোর্ট গ্রুপ হিসেবে কাজ করবে।’
 
 
তিনি আরও বলেন, আত্মবিশ্বাসই মা ও শিশু-কিশোরদের বিষণ্নতার অন্ধকার থেকে স্বাবলম্বী ভবিষ্যতের পথে এগিয়ে নিতে পারে। প্রতিবন্ধীবান্ধব জাতীয় নাগরিক সেবা গড়ে তোলার মাধ্যমে সমাজে তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। প্রতিটি বিশেষভাবে সক্ষম শিশু পরিবার, সমাজ ও দেশের জন্য অনুকরণীয় হয়ে উঠতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168951